বিখ্যাত মুকাভিনেতা ফরাসি শিল্পী ‘মাস্টার অব মাইম’ মার্সেল মার্সো। এই মুকাভিনেতার ১৮তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে আগামীকাল সোমবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটারে স্বপ্নদল বিশেষ মঞ্চস্থ করবে মূকনাট্য ‘ম্যাকবেথ’। উইলিয়াম শেকসপিয়ারের রচনা অবলম্বনে জুয়েনা শবনমের কাহিনি পুনর্বিন্যাসে এবং ঐতিহ্যের ধারায় বাংলা মুকাভিনয়রীতিতে নির্মিত নাটকটির নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন।
স্বার্থপরতা-ক্ষমতালিপ্সা-অতি উচ্চাকাক্ষায় সাহসী সেনাপতি ম্যাকবেথের রাজা ডানকানকে হত্যাসহ ক্ষমতা দখল ও শাসন টিকিয়ে রাখার জন্য একের পর এক হত্যাকাণ্ড এবং পরিশেষে তারও একই পরিণতির শিকার হওয়ার ট্র্যাজেডি ‘ম্যাকবেথ’।
সারা বিশ্বে শেকসপিয়ারের রচনা নিয়ে মঞ্চ-চলচ্চিত্র ও টেলিভিশনে নানা মাত্রিক সৃজনকর্ম পরিচালিত হলেও ব্যবহারিক গবেষণাগার পদ্ধতিতে পূর্ণাঙ্গ মূকনাট্য বা মাইমোড্রামা হিসেবে মঞ্চে উপস্থাপিত স্বপ্নদলের ‘ম্যাকবেথ’ই প্রথম। এতে অভিনয়ে রয়েছেন- জুয়েনা, হাসান, সুমাইয়া, নিশক, শিশির, শ্যামল, জেবু, সোনালী, অনিন্দ্য, অর্ক, নিসর্গ, শফিক, জাওয়াদ, আলী প্রমুখ।
‘ম্যাকবেথ’ প্রযোজনাটির মঞ্চ-আলোক পরিকল্পনা করেছেন ফজলে রাব্বি সুকর্ন, কোরিওগ্রাফি পরিকল্পনা করছেন হাসানুজ্জামান, পোশাক-সামগ্রী পরিকল্পনা করেছেন জুয়েনা শবনম, হাসানুজ্জামান ও সুমাইয়া শিশির। সংগীত-আবহ পরিকল্পনা করছেন শাখাওয়াত শ্যামল ও মিজাউল ইসলাম খান। এদিন নাটকটির ১৮তম মঞ্চায়ন অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, মার্সেল মার্সো ফ্রান্সের স্টাসবুর্গ শহরে ১৯২৩ সালের ২২ মার্চ জন্মগ্রহণ করেন এবং মুকাভিনয়শিল্পে প্রায় ৬০ বছরের একনিষ্ঠ সাধনা শেষে ২০০৭ সালের ২২ সেপ্টেম্বর মারা গেছেন।
/এমএস