বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে নিয়ে আলোচনা যেন থামছেই না। এ বছরই জোড়া ধাক্কা খেলেন এ তারকা। বিখ্যাত পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙার আসন্ন সিনেমা ‘স্পিরিট’ থেকে বেরিয়ে আসার পর আরেক আলোচিত ছবি ‘কল্কি ২৮৯৮ এডি’র সিকুয়েল থেকেও বিদায় নিলেন এই বলিউড সুন্দরী। ছবির প্রযোজনা সংস্থা ভাইজয়ন্তী মুভিজের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে তারা।
বিবৃতিতে তারা লিখেন, ‘কল্কি ২৮৯৮ এডি সিনেমাটির সিকুয়েলে দীপিকা পাড়ুকোন আর থাকছেন না। দীর্ঘ প্রথম পর্বের যাত্রা সত্ত্বেও আমাদের মাঝে সঠিক বোঝাপড়া তৈরি হয়নি। কল্কির মতো ছবির জন্য আমাদের দরকার পূর্ণ প্রতিশ্রুতি। আমাদের পক্ষ থেকে দীপিকা এবং তার আসন্ন সব কাজের জন্য শুভকামনা রইল।’
উল্লেখ্য, কল্কির প্রথম কিস্তিতে সুপারস্টার প্রভাস ও কিংবদন্তি অমিতাভ বচ্চনের সঙ্গে অন্যতম মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন দীপিকা। নায়িকার সঙ্গে নাকি কল্কির প্রযোজকদের বনিবনা না হওয়াতেই তারা আলাদা হয়ে গেছেন।
জানা গেছে, কল্কির সিকুয়েল থেকে দীপিকার বিদায়ের আসল কারণ বিশাল অঙ্কের টাকার পারিশ্রমিক দাবি এবং শুটিং শিডিউল ম্যানেজমেন্ট। অভিনেত্রী প্রথম কিস্তির তুলনায় দ্বিতীয় কিস্তিতে দ্বিগুণ পারিশ্রমিক দাবি করেন বলে শোনা যাচ্ছে। এ ছাড়া দীপিকার টিম নাকি তার শুটিং ডেট অ্যাটলির পরবর্তী সিনেমায় দিয়ে দেন বলে ইন্ডাস্ট্রিতে জোর গুঞ্জন আছে।
সঙ্গে শুটিংয়ের সময় প্রতিদিন পাঁচ ঘণ্টা কাজ করার শর্ত দিয়েছিলেন এ নায়িকা। এ ছাড়া শোনা যাচ্ছে, নিজের টিমের জন্য বিলাসবহুল পাঁচতারা হোটেলে থাকার ব্যবস্থা, খাওয়া-দাওয়ার খরচসহ সব মিলিয়ে একেবারে রাজকীয় আতিথেয়তা দাবি করেছিলেন ‘জওয়ান’ খ্যাত এ অভিনেত্রী।
নায়িকার এমন সব শর্তে একাধিকবার প্রযোজকরা সমঝোতার চেষ্টা করলেও শেষ পর্যন্ত সেসব আলোর মুখ দেখেনি। তাই আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে দুপক্ষ আলাদা হয়ে গেলেন।
পরিস্থিতি যখন এমন ঠিক সে সময়ে দীপিকার বিরুদ্ধে শুটিংয়ে টাইম ম্যানেজমেন্ট নিয়ে পুরোনো অভিযোগ এবার সামনে এল। সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে ‘রেস ২’ ছবির প্রযোজক রমেশ তৌরানির পুরোনো এক সাক্ষাৎকার। সেখানে তিনি দীপিকার বিরুদ্ধে ‘অপেশাদার আচরণ’-এর কড়া অভিযোগ আনেন। সাক্ষাৎকারে তৌরানি বলেন, ‘আমার ২৫ বছরের ক্যারিয়ারে কোনো অভিনেতার থেকে আমি এমন অসম্মান পাইনি।’
তখন গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গিয়েছিল, দীপিকা নাকি একটি হলিউড সিনেমার জন্য ‘রেস ২’-এর কাজ ছেড়ে দিয়েছিলেন! বিষয়টি এতদূর গড়ায় যে, প্রযোজক সংস্থা থেকে শুরু করে ‘সিনে অ্যান্ড টিভি আর্টিস্টস অ্যাসোসিয়েশন’ পর্যন্ত এই অভিযোগ গড়ায়। শেষমেশ শর্তসাপেক্ষে শুটিংয়ে ফিরেছিলেন দীপিকা।
এমনকি ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ ছবির শুটিংয়ে যেন বাধা না পড়ে, তাই দীপিকার জন্য তৌরানিকে ‘রেস ২’-এর শুটিংয়েও সময় পরিবর্তন করতে হয়েছিল।
/এমএস