সম্প্রতি আবারও বিয়ে করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। গত ১৯ সেপ্টেম্বর রাজধানীর মাদানী অ্যাভিনিউয়ের মসজিদ আল মুস্তাফায় নিকট আত্মীয় ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বিয়ে করেন এই অভিনেত্রী। তার বরের নাম তানজিম তৈয়ব।
প্রিয় তারকার বিয়ের পর তার ভক্ত-অনুরাগীদের মধ্যে অনেকের মনেই প্রশ্ন জাগে, কোথায় হানিমুনে যাবেন তারা। ফারিয়ার ক্ষেত্রেও তার ব্যতিক্রম কিছু হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে তার অনেক অনুসারীই এ বিষয়ে জানতে নিজেদের আগ্রহ প্রকাশ করেছেন।
চলতি বছরের শেষে সহকর্মী, স্বজন ও ঘনিষ্ঠজনদের জন্য বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করার পরিকল্পনা রয়েছে এই নব দম্পতির। তবে তার আগেই মধুচন্দ্রিমায় যাবেন তারা। এক্ষেত্রে তাদের গন্তব্য মালদ্বীপ হবে জানিয়ে অভিনেত্রী বলেন, ‘আগামী মাসে মালদ্বীপে হানিমুনে যাবো।’
উল্লেখ্য, শবনম ফারিয়ার স্বামী তানজিম তৈয়ব রাজশাহীর ছেলে। অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলস থেকে স্নাতকোত্তর করে দেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত আছেন।