বলিউড অভিনেত্রী ও প্রযোজক আলিয়া ভাট এবার অভিনয়ের পাশাপাশি তার প্রযোজনা সংস্থা ‘ইটারনাল সানশাইন প্রোডাকশনস’কে সম্প্রসারণে মনোযোগ দিচ্ছেন। বর্তমানে সঞ্জয়লীলা বানসালির বহুল আলোচিত ছবি ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর শুটিংয়ে তিনি ব্যস্ত আছেন। এর পাশাপাশি প্রযোজনার ক্ষেত্রে পরিচালক সুজাত সওদাগরের সঙ্গে একজোট হয়েছেন আলিয়া।
‘রক অন ২’ (২০১৬) ও ‘বাম্বাই মেরি জান’ (২০২৩)-এর জন্য পরিচিত এই নির্মাতার সঙ্গে আলিয়া আগামী বছরগুলোতে একাধিক বিগ বাজেটের সিনেমা নির্মাণ করবেন বলে শোনা যাচ্ছে।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, প্রথমে যৌথ উদ্যোগ হিসেবে তারা তরুণদের কেন্দ্র করে একটি ক্যাম্পাসভিত্তিক গল্প নিয়ে কাজ করবেন। এ বিষয়ে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, তাদের লক্ষ্য বড় পর্দার জন্য চমকপ্রদ সিনেমা এবং ওটিটি দর্শকদের জন্য আকর্ষণীয় কনটেন্ট তৈরি করা। এ ক্ষেত্রে প্রযোজনার দিকটি দেখবে সুজাতের কোম্পানি, আর আলিয়ার টিম সামলাবে সৃজনশীল দিক। শিগগিরই তারা সিনেমার শুটিং শুরু করবেন বলে সূত্রটি জানিয়েছে।
এর আগে সুজাত সওদাগরের ‘রক অন ২’ সিনেমায় শুরুতে আলিয়া ভাটের অভিনয়ের কথা ছিল। কিন্তু ‘উড়তা পাঞ্জাব’-এর শিডিউল জটিলতার কারণে সেটি পরে আর সম্ভব হয়নি।
এদিকে কাজের ফাঁকে আলিয়া সম্প্রতি আলিবাগে ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে সময় কাটিয়েছেন। জন্মদিন উপলক্ষে অভিনেত্রীর বন্ধু আকাঙ্ক্ষা রঞ্জন কাপুর সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের একসঙ্গে কাটানো মুহূর্তের বেশ কিছু ছবি শেয়ার করেন।
সামনে এই অভিনেত্রীকে শিব রাওয়াইল পরিচালিত বহুল প্রতীক্ষিত ‘আলফা’ সিনেমায় দেখা যাবে। ছবিটিতে আর থাকছেন শর্বরী ও ববি দেওল। এই সিনেমাটি যশরাজ ফিল্মসের জনপ্রিয় স্পাই ইউনিভার্সের সপ্তম কিস্তি হিসেবে মুক্তি পাবে। এটি আগামী ২৫ ডিসেম্বর প্রেক্ষাগৃহে আসার কথা রয়েছে।
এ ছাড়া তিনি সঞ্জয়লীলা বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবিতে রণবীর কাপুর ও ভিকি কৌশলের সঙ্গে পর্দায় হাজির হবেন। ছবিটি বর্তমানে নির্মাণাধীন এবং ২০২৬ সালে মুক্তির কথা রয়েছে।
/এমএস