বলিউডের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী অমৃতা রাও। ২০০৪ সালে শাহরুখ খানের ‘ম্যায় হু না’ এবং ২০০৬ সালে শহীদ কাপুরের সঙ্গে ‘বিবাহ’ ছবিতে অভিনয় করে পুরো ইন্ডাস্ট্রিতে সাড়া ফেলে দেন। বিশেষ করে তার মিষ্টি চেহারা ও সাবলীল অভিনয় ভক্ত-দর্শকের কাছে তাকে তুমুল পরিচিতি এনে দেয়।
কিন্তু এরপর ধীরে ধীরে বলিউড থেকে কিছুটা হারিয়েই যান অমৃতা। ক্যারিয়ারের শুরুতেই এত আলোড়ন তুলেও পরবর্তীতে কেন আর নিয়মিত কাজ করেননি তিনি? সম্প্রতি রানভীর আল্লাহবাদিয়ার সঙ্গে এক আলাপচারিতায় এ অভিনেত্রী ক্যারিয়ার ও ব্যক্তি জীবনের অনেক অভিজ্ঞতা শেয়ার করেন। অমৃতা জানান, একের পর এক বিগ বাজেটের ছবির প্রস্তাব এলেও সেগুলোতে থাকত অদ্ভুত সব শর্ত। তাই মনের মতো কাজ করতে পারেননি।
অভিনেত্রী স্বীকার করেছেন, তিনি নিজের মনের মতো কাজ করতে পারেননি। যে ধরনের চরিত্র তিনি করতে চেয়েছিলেন, সেগুলো তার হাতে আসেনি। বড় বাজেটের ছবির প্রস্তাব এলেও সেগুলোতে থাকত বেশ জটিল শর্ত। যেমন কিসিং সিন, অন্তরঙ্গ দৃশ্য। অমৃতা বলেন, ‘আমি শুধু ভাবতাম, আমার কাছে কেন শুধু এমন শর্তযুক্ত প্রস্তাবই আসে?’
এই কারণে তিনি ধীরে ধীরে ইন্ডাস্ট্রির সামাজিক আড্ডা থেকে সরে আসেন এবং শুধু কাজের ওপর মনোযোগ দেন। তিনি বলেন, ‘যেসব সিনেমা করতে চাই, সেগুলো আমার কাছে আসছিল না। মানুষ নানা কথা বলত আমাকে নিরুৎসাহিত করতে। আমি কোনো পার্টিতে, অ্যাওয়ার্ড শোতে যেতে চাইতাম না। শুধু কাজ করতাম আর বাড়ি চলে আসতাম। আমি তখন ভীষণ একাকিত্বে ভুগতাম।’
এই কঠিন সময়ে আরজে আনমোল তার জীবনে আসেন, যিনি পরে তাকে বিয়ে করেন। সাত বছরের সম্পর্কের পর ২০১৬ সালের ১৫ মে মুম্বাইয়ে তারা বিয়ে করেন। মূলধারার সিনেমা থেকে বিরতি নেওয়ার কয়েকবছর পর অবশেষে অমৃতা রাও ফিরেছেন ‘জলি এলএলবি ৩’ দিয়ে। ইতিমধ্যে সিনেমাটি বেশ সাড়া ফেলেছে।
/এমএস