বলিউড অভিনেত্রী সোনম কাপুর মাতৃত্বের কারণে গত কয়েক বছর সিনেমার বাইরে ছিলেন। অবশেষে বিরতির পর আবারও বড় পর্দায় ফিরতে চলেছেন তিনি। ‘নীরজা’, ‘দিল্লি-৬’ এবং ‘রানঝানা’র মতো ছবিতে অভিনয়ের জন্য পরিচিত সোনমের প্রত্যাবর্তন নিয়ে ভক্ত এবং ইন্ডাস্ট্রির ভেতরেও ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে।
সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে এই অভিনেত্রী তার মাতৃত্ব এবং বলিউডে অভিনয় জীবন নিয়ে মুখ খুলেছেন। মাতৃত্ব তার জীবনে এক অনন্য অভিজ্ঞতা যোগ করেছে উল্লেখ করে অনিল কাপুর কন্যা বলেন, ‘আমি মা হওয়ার পর নিজের ছেলেকে বেড়ে উঠতে দেখার সুযোগ চেয়েছিলাম। মা হওয়ার অনুভূতিটি উপভোগ করতে চেয়েছি এবং এটি আমার জীবনের সবচেয়ে ফলপ্রসূ অভিজ্ঞতা।’ প্রসঙ্গত, তার ছেলে বায়ু কাপুর ২০২২ সালের ২০ আগস্ট জন্ম নেয়।
পাশাপাশি অভিনয়ে ফিরে আসা প্রসঙ্গে সোনম জানান, তিনি সবসময় নারীকেন্দ্রিক এমন চরিত্র পছন্দ করেন। অভিনেত্রী বলেন, ‘এখন আমি এমন প্রকল্পে কাজ করতে চাই, যা আমার মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়। গল্পের কেন্দ্রে থাকা নারী চরিত্রের প্রতি আমার আকর্ষণ সবসময়ই ছিল। সেই দৃষ্টিভঙ্গি এখনো বদলায়নি। গর্ভাবস্থার পর আমার প্রথম সিনেমার কাজ ২০২৫ সালের শেষ দিকে শুরু হবে।’
যদিও আসন্ন প্রকল্প সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি, তবে ধারণা করা হচ্ছে, নতুন সিনেমায় ভিন্ন এক রূপে ধরা দেবেন সোনম। এতদিন অভিনয় থেকে দূরে থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় ছিলেন তিনি। এ ছাড়া আন্তর্জাতিক ফ্যাশন ইভেন্টেও অংশ নিয়েছেন এ অভিনেত্রী।
সম্প্রতি একটি ব্র্যান্ড ইভেন্টে রাহুল মিশ্র কৌচারের ভাস্কর্যধর্মী গাউন পরে সোনমের উপস্থিতি ফ্যাশন দুনিয়ায় তুমুল আলোচনার জন্ম দেয়। সোনম কাপুরের নতুন অধ্যায়ের প্রস্তুতিতে তার ভক্তরাও গভীর আগ্রহে অপেক্ষায় আছেন।
/এমএস