হলিউডের জনপ্রিয় অভিনেত্রী নিকোল কিডম্যান এবং কান্ট্রি মিউজিক তারকা কিথ আরবান প্রায় দুই দশক ধরে বিবাহবন্ধনে আবদ্ধ থাকার পর আলাদা হয়ে গেছেন। মার্কিন সংবাদমাধ্যম টিএমজেড একাধিক সূত্রের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে। এই দম্পতি নাকি গ্রীষ্মের শুরু থেকেই আলাদা থাকতে শুরু করেছেন।
একটি সূত্র পেজ সিক্সকে জানায়, এই বিচ্ছেদটি একতরফাভাবে হয়েছে এবং কিডম্যান সম্পর্ক বাঁচানোর চেষ্টা করলেও আরবান ন্যাশভিলে তাদের পারিবারিক বাড়িটি ছেড়ে দিয়েছেন। ইতোমধ্যে নিজের জন্য আলাদা বাসারও ব্যবস্থা করেছেন তিনি। তাই বর্তমানে কিডম্যানই তাদের দুই মেয়ের দেখাশোনা করছেন।
বিচ্ছেদের গুঞ্জনটি প্রথম ছড়ায় দুই মাস আগে। তখন ‘ই! নিউজ’ তাদের প্রতিবেদনে জানিয়েছিল, কিডম্যান পর্তুগালে বসবাসের আবেদন করেছেন কিন্তু তিনি আবেদনপত্রের কোথাও আরবানের নাম উল্লেখ করেননি। যদিও তখন ব্যাখ্যা দেওয়া হয়েছিল যে, যুক্তরাষ্ট্রে ভ্রমণের কারণে আরবান আলাদা করে আবেদন জমা দেওয়ার পরিকল্পনা করছেন। এমনকি দাম্পত্য জীবনে টানাপোড়েনের গুঞ্জনের মাঝেও কিডম্যান চলতি বছরের ২৫ জুন ইনস্টাগ্রামে স্বামী আরবানের সঙ্গে ছবি শেয়ার করে তাদের ১৯তম বিবাহবার্ষিকী উদযাপন করেছিলেন।
হলিউডের জনপ্রিয় দম্পতি কিডম্যান ও আরবান প্রথম পরিচিত হন ২০০৫ সালে জিডে ইউএসএ গালায়। এর বছরখানেক পর ২০০৬ সালের জুনে সিডনিতে বিয়ে করেন তারা। তবে আনুষ্ঠানিকভাবে এই দম্পতি বিবাহবিচ্ছেদের পথে হাঁটছেন কি না, সেটা এখনো পরিষ্কার নয়। কেননা এ বিষয়ে দুপক্ষের কেউই মুখ খোলেননি।
এর আগে কিডম্যান ১৯৯০ থেকে ২০০১ সাল পর্যন্ত হলিউড তারকা টম ক্রুজের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন। সেই দাম্পত্য জীবনে তাদের দুটি সন্তানও রয়েছে। উল্লেখ্য, নিকোল কিডম্যান ‘দ্য আওয়ার্স’ ছবিতে অভিনয়ের জন্য ২০০৩ সালে সেরা অভিনেত্রীর অস্কার পুরস্কার লাভ করেন।
/এমএস