বলিউড তারকা উর্বশী রাউতেলা। কাজের বাইরেও নানা বিষয়ে আলোচনায় থাকেন তিনি। কিছু মন্তব্যের জন্য সৃষ্টি করেন বিতর্কও। মাঝে মাঝে বিভিন্ন কর্মকাণ্ডের জন্য সোশ্যাল মিডিয়ায় আবার কটাক্ষের শিকারও হন এই সুন্দরী অভিনেত্রী। আবারও নতুন বিতর্কে তিনি। এবার প্রিয়াঙ্কা চোপড়াকে হুবহু নকল করে বিপাকে পড়েছেন উর্বশী।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রিয়াঙ্কা চোপড়া যা-ই পোস্ট করছেন, সেগুলোই হুবহু পোস্ট করছেন উর্বশীও। নৃতত্ত্ববিদ জেন গুডঅল-এর একটি উক্তি ইনস্টাগ্রামের স্টোরিতে শেয়ার করেছেন প্রিয়াঙ্কা। সেই একই পোস্ট উর্বশীও নিজের সামাজিক মাধ্যমে ভাগ করে নিয়েছেন। এটাই প্রথম নয়। এর আগে মহাত্মা গান্ধীর একটি উক্তি পোস্ট করেছিলেন প্রিয়াঙ্কা। সেটাও হুবহু পোস্ট করেন উর্বশী। এসব দেখেই নেটিজেনরা কটাক্ষের তির ছুড়ে দিয়েছেন উর্বশীর দিকে।
তারাই তুলে ধরেছেন, প্রিয়াঙ্কার প্রায় সব পোস্টই এভাবে টুকে দেন উর্বশী। এই দেখে হাসির রোল উঠেছে নেটপাড়ায়। এত কটাক্ষের কারণেও হতাশ হয়েছেন নেটিজেনরা। কারণ কোনো সমালোচনাই গায়ে মাখেন না উর্বশী। কোনো খারাপ লাগাও নেই এই অভিনেত্রীর মধ্যে। তাই উর্বশীকে দেখে অবাক নেটনাগরিকরা।
একজন হাসির ইমোজি দিয়ে লিখেছেন, ‘প্রিয়াঙ্কার স্টোরিগুলো হুবহু ভাগ করে নিচ্ছেন উর্বশী। সত্যিই ওকে আমি ভালোবাসি।’ আরেকজন ব্যঙ্গের সুরে বলেছেন, ‘এই প্রথম কোনো সুন্দরী মহিলা প্রিয়াঙ্কা চোপড়ার পোস্ট নকল করলেন। উর্বশীকে কুর্নিশ।’
আরেকজনের কথায়, ‘আমি সবসময় ভাবি, উর্বশী কি সত্যিই বোকা, নাকি প্রচারে থাকার জন্য বোকা হওয়ার ভান করে? আসলে কোনো কথাই ওর গায়ে লাগে না। খুবই হাস্যকর। ওর এই আচরণ দেখলে হাসিই পায়। দারুণ!’
তবে উর্বশীর অনুরাগীরও অভাব নেই। এক অনুরাগী লিখেছেন, ‘ও মোটেই বোকা নয়। আমরা কিন্তু ওকে নিয়েই কথা বলছি। সেই প্রচারে এসে গিয়েছে। ও জানে কীভাবে প্রচারে থাকতে হয়।’
উল্লেখ্য, উর্বশীর শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘ডাকু মহারাজ’। ছবিতে নন্দমুরির সঙ্গে ‘দাবিড়ি দিবিড়ি’ গানে নেচেও কটাক্ষের শিকার হয়েছিলেন এই অভিনেত্রী।
/আবরার জাহিন