বলিউডের সোনালি যুগের একজন উজ্জ্বল নক্ষত্র, অভিনেত্রী ও নৃত্যশিল্পী মধুমতী আর নেই। বুধবার (১৫ অক্টোবর) সকালবেলায় শান্তিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এই শিল্পী। মৃত্যুকালে তার বয়স ছিল ৮৭ বছর।
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন মধুমতী। শেষকৃত্য অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকেলে বুওশিওয়ারা শ্মশানে।
মধুমতীর আসল নাম ছিল হুটোক্সি। তিনি অভিনয় জীবনে ধর্মেন্দ্র, দিলীপ কুমার, জিতেন্দ্রদের মতো বলিউডের কিংবদন্তি তারকাদের সঙ্গে কাজ করেছেন। অভিনয়ের পাশাপাশি নৃত্যশিল্পীরূপে তিনি বিশেষ খ্যাতি অর্জন করেছিলেন। ‘আঁখে’, ‘টাওয়ার হাউস’, ‘শিকারি’, ‘মুঝে জিনে দো’ সহ বহু জনপ্রিয় সিনেমায় তার অভিনয় দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছে।
১৯৩৮ সালে জন্মগ্রহণ করা মধুমতী ১৯৫৭ সালে মারাঠি সিনেমার মাধ্যমে নৃত্যশিল্পী হিসেবে তার কর্মজীবন শুরু করেছিলেন। ছোটবেলা থেকেই নাচের প্রতি তার আগ্রহ ছিল। ভরতনাট্যম, কত্থক, কথাকলি ও মণিপুরি নৃত্যশৈলীতে তিনি প্রশিক্ষণ নিয়েছিলেন, যা তাকে বিশেষ দক্ষ শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
মধুমতীর প্রয়াণে বলিউড জুড়ে শোকের ছায়া নেমেছে। বিন্দু দারা সিং, অক্ষয় কুমার, চাঙ্কি পান্ডে ও জসবিন্দ্র নরুলার মতো তারকারা সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে তার ছাত্রছাত্রীদেরও গভীর শোকে মিলিত হতে দেখা গেছে।
/এসএল