নেটফ্লিক্সের জনপ্রিয় ক্রাইম ড্রামা সিরিজ ‘দিল্লি ক্রাইম’। প্রথম দুই সিজনের তুমুল সাফল্যের পর এবার এটির তৃতীয় সিজন মুক্তির তারিখ ঘোষণা করল নেটফ্লিক্স। গত বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এ স্ট্রিমিং প্ল্যাটফর্মটি নিশ্চিত করেছে, ভারতের একমাত্র আন্তর্জাতিক এমি পুরস্কারজয়ী এ সিরিজটি চলতি বছরের ১৩ নভেম্বর থেকে নেটফ্লিক্সে দেখা যাবে।
এ সিরিজটি দর্শকদের কাছে এতটা জনপ্রিয় হওয়ার কারণ এতে অপরাধের বাস্তবসম্মত উপস্থাপন এবং শিল্পীদের শক্তিশালী অভিনয়। এসব কারণে আগের সিজনগুলোও ব্যাপক প্রশংসিত হয়েছিল। তাই আসন্ন সিজনের জন্যও ভক্তদের আগ্রহ এখন তুঙ্গে।
এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে নেটফ্লিক্স প্রথম ‘দিল্লি ক্রাইম সিজন ৩’-এর টিজার প্রকাশ করেছিল, যেখানে গল্পের সংক্ষিপ্ত ঝলক দেখানো হয়। এরপর ১৬ অক্টোবর প্রকাশিত নতুন টিজারে শেফালি শাহ এবং হুমা কুরেশিকে দেখা যায়, যা দর্শকদের মাঝে আগ্রহ আরও বাড়িয়ে তোলে।
এদিকে, তৃতীয় সিজনে অভিনেত্রী শেফালি শাহ আবারও ফিরে আসছেন ডিআইজি বর্তিকা চতুর্বেদী ওরফে ‘ম্যাডাম স্যার’-এর ভূমিকায়। এবার তার সঙ্গে বাড়তি চমক হিসেবে যুক্ত হচ্ছেন বলিউড তারকা হুমা কুরেশি। এ সিজনে হুমাকে মানব পাচারকারী চক্রের প্রধান ‘বদি দিদি’ চরিত্রে অভিনয়ে দেখা যাবে।
এ ছাড়া নতুন সিজনে আরও অভিনয় করেছেন রসিকা দুগাল, রাজেশ তাইলাং, সায়ানি গুপ্তা, মিতা বশিষ্ঠ, জয়া ভট্টাচার্য, কেলি দর্জি এবং অংশুমান পুষ্কর। নির্মাতার মতে, তারকাসমৃদ্ধ এ কাস্ট সিরিজটিকে আরও বাস্তবধর্মী ও প্রভাবশালী করে তুলবে। আগের সিজনের মতো, তৃতীয় সিজনও বাস্তব জীবনের ঘটনার অনুপ্রেরণায় নির্মিত। এবারের গল্পে উঠে আসছে বৃহৎ মানব পাচারচক্রের অন্ধকার দিক, যা সমাজের গভীরতম নেতিবাচক ও মানুষের দুর্বলতাকে তুলে ধরবে।
নির্মাতা আরও জানিয়েছেন, নতুন সিজন আগের তুলনায় আরও বেশি রোমাঞ্চকর, আবেগঘন এবং তীব্র হবে। বাস্তববাদী গল্প বলার ধারা বজায় রেখে এটি দর্শকদের দুর্দান্ত এক তদন্তযাত্রায় নিয়ে যাবে যা দর্শকদের জন্য ব্যাপক উপভোগ্য হবে। সব মিলিয়ে, ‘দিল্লি ক্রাইম সিজন ৩’ আবারও প্রমাণ করতে চলেছে যে, কেন এটি ভারতের অন্যতম দর্শকপ্রিয় ও প্রশংসিত ক্রাইম ড্রামা সিরিজ হিসেবে বিবেচিত হয়।
/এমএস