বলিউডের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা বালান প্রথমবারের মতো তামিল সিনেমায় অভিনয় করছেন। ‘কাহানি’ ও ‘দ্য ডার্টি পিকচার’-এর মতো সিনেমায় অভিনয়ের জন্য সুপরিচিত এই তারকা এবার যুক্ত হচ্ছেন রজনীকান্তের সঙ্গে। দক্ষিণী তারকার বহুল প্রতীক্ষিত অ্যাকশন ঘরানার ছবি ‘জেইলার-২’-এ দেখা যাবে বিদ্যাকে।
এর আগে ২০২৩ সালে এই ফ্র্যাঞ্চাইজির প্রথম কিস্তি মুক্তি পেয়েছিল। এর সিকুয়েলটি পরিচালনা করছেন নেলসন দিলীপকুমার এবং প্রযোজনা করছে সান পিকচার্সের ব্যানারে কালনিথি মারান। ছবিতে রজনীকান্তের পাশাপাশি রম্য কৃষ্ণণ, যোগী বাবু ও মিরনা আগের চরিত্রেই ফিরছেন। আর নতুন সংযোজন হিসেবে এস জে সূর্য, মিঠুন চক্রবর্তী, শিব রাজকুমার ও নন্দমুরি বালাকৃষ্ণকে দেখা যাবে।
হিন্দুস্তান টাইমস-এর প্রতিবেদন অনুযায়ী, ছবিতে বিদ্যা মিঠুন চক্রবর্তীর বড় মেয়ের ভূমিকায় অভিনয় করছেন। মিঠুনকে দেখা যাবে প্রধান প্রতিপক্ষ হিসেবে। ছবিতে তিনি রজনীকান্তের বিপরীতে মুখোমুখি হবেন।
বর্তমানে চেন্নাইয়ে এই ছবির শুটিং চলছে। সেখানে শুটিং শেষ করে শুটিং টিম যাবে গোয়ায় শেষ দুই মাসের শুটিংয়ের জন্য। জানুয়ারির মধ্যে পোস্ট-প্রোডাকশন শুরু হওয়ার কথা রয়েছে। সম্প্রতি দীপাবলি উপলক্ষে প্রযোজনা সংস্থা সামাজিক যোগাযোগমাধ্যমে শুটিং দৃশ্যের একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে দেখা যায় উত্তেজনাপূর্ণ অ্যাকশন দৃশ্য, কাস্ট ও ক্রুদের মজার মুহূর্ত এবং শুটিংয়ের বিভিন্ন ঝলক।
উল্লেখ্য, ‘জেইলার ২’ আগামী বছরের ১২ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এই প্রকল্পের আগেও রজনীকান্ত ও মিঠুন চক্রবর্তী একসঙ্গে কাজ করেছেন হিন্দি ছবি ‘ভ্রষ্টাচার’ এবং বাংলা ছবি ‘ভাগ্য দেবতা’-তে। এই নতুন প্রকল্পটিকে তাই ভক্তরা দুই কিংবদন্তি অভিনেতার পুনর্মিলন হিসেবে দেখছেন।
উল্লেখ্য, রজনীকান্তের সর্বশেষ সিনেমা ছিল লোকেশ কানাগরাজ পরিচালিত ‘কুলি’। কয়েকমাস আগে চলচ্চিত্রটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়।
/এমএস