দক্ষিণী সিনেমার সবচেয়ে বড় তারকা সুপারস্টার রজনীকান্ত। বয়স ৭৫ ছুঁইছুঁই হলেও এখনো বড় পর্দার দর্শকদের আনন্দ দিয়ে যাচ্ছেন তিনি। স্বাস্থ্যগত সমস্যা থাকলেও গত পাঁচ দশক ধরে একের পর এক সিনেমায় কাজ করে তার অভিনয়ের স্বাক্ষর রেখে যাচ্ছেন।
এবার হঠাৎ করেই গুঞ্জন উঠেছে, অবসরে যাচ্ছেন এই দক্ষিণী তারকা। সামনে আরেক তারকা অভিনেতা কমল হাসানের সঙ্গে একটি সিনেমায় কাজ করার কথা রয়েছে রজনীকান্তের। শোনা গেছে, এর পরই নাকি রুপালি পর্দাকে চিরতরে বিদায় জানাবেন শিবাজি খ্যাত এই অভিনেতা।
রজনীকান্ত-কমল হাসান জুটির এই ছবির শুটিং শুরু হবে ২০২৭ সালে। ছবিটি পরিচালনা করবেন নেলসন দিলীপ কুমার। কাজ শুরু করতে এত দেরি হওয়ার কারণ, ছবিটির প্রাক-প্রযোজনা কাজ শেষ করতে আরো বছরখানেক সময় লাগতে পারে তাই। কলিউড সূত্রে এমনটাই জানা গেছে।
বর্তমানে ‘জেলার ২’ ছবির কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন রজনীকান্ত। এটার পর সুন্দর সি-এর সঙ্গে পরবর্তী ছবির কাজ শুরু করবেন অভিনেতা এবং আগামী বছরের শেষ নাগাদ এটি শেষ করে কমল হাসানের সঙ্গে ছবিতে যোগ দেবেন রজনীকান্ত।
/এমএস