প্রথমবার অস্ট্রেলিয়ার সিডনিতে গান গাইতে যাচ্ছেন এই প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী, সুরকার সংগীত পরিচালক ইমরান মাহমুদুল। সঙ্গে যাচ্ছে তার ব্যান্ড দল ‘আই কিংস’। এর আগে ২০২৩ সালে অস্ট্রেলিয়ার মেলবোর্নে স্টেজ শোতে পারফর্ম করেছিলেন ইমরান। কিন্তু এবারই প্রথম তিনি তার ব্যান্ড দল ‘আই কিংস’কে সঙ্গে নিয়ে যাচ্ছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ইমরান মাহমুদুল।
ইমরান বলেন, ‘ইনশাআল্লাহ সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের ২ মে আমি এবং আমার ব্যান্ড দল আই কিংস অস্ট্রেলিয়ার সিডনিতে প্রথমবার পারফর্ম করতে যাচ্ছি। সেখানে প্রবাসী বাংলাদেশি অনেক দর্শক রয়েছেন। তাদের দীর্ঘদিনের ইচ্ছে যেন আমি সেখানে স্টেজ শোতে পারফর্ম করি।
অবশেষে সব মিলিয়ে সুযোগ হচ্ছে অস্ট্রেলিয়ার সিডনিতে পারফর্ম করার। সিডনিতে বসবাসরত সকল বাংলাদেশি, বাংলা ভাষাভাষী দর্শক-শ্রোতাকে আমন্ত্রণ জানাচ্ছি এই স্টেজ শোতে আসার জন্য। আশা করছি সবার সঙ্গে দেখা হবে কথা হবে গল্প-গানে আড্ডা হবে। ধন্যবাদ আয়োজক ফাগুন হাওয়া ও এর কর্ণধার তিশা তানিয়াকে আমাদের আমন্ত্রণ জানানোর জন্য। তাদের আন্তরিকতা আমাদের মুগ্ধ করেছে।’
এদিকে দুই মাস আগে ইমরানের নিজস্ব ইউটিউব চ্যানেল ‘ইমরান মাহমুদুল’-এ প্রকাশিত হয়েছে ‘পারবো না তোমাকে ছাড়তে’ গানটি। গানটি লিখেছেন ও সুর-সংগীত করেছেন ইমরান নিজেই। এতে তার সহশিল্পী হোমায়রা ঈশিকা। সৈকত রেজা পরিচালিত মিউজিক ভিডিওটিতে ইমরানের সঙ্গে মডেল হয়েছেন কেয়া পায়েল। এর আগে বেশকিছু গানের মিউজিক ভিডিওতে ইমরানের সঙ্গে মডেল হয়েছেন কেয়া পায়েল, যিনি এই সময়ের একজন জনপ্রিয় অভিনেত্রী। এরই মধ্যে গানটি ৪২ লাখেরও বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন। গানটির জন্য অভূতপূর্ব সাড়া পাচ্ছেন বলেও জানান ইমরান।
চলতি বছরের শুরুতে ইমরান ও পড়শীর দ্বৈত গান ‘কথা একটাই’ প্রকাশিত হয়েছে পড়শীর নিজস্ব ইউটিউব চ্যানেলে। এই গানটি এরই মধ্যে এক কোটিরও বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন। ইমরান জানান, ‘আই কিংস’ ব্যান্ড দলে তার সঙ্গে আরও আছেন ড্রামসে সজল কুমার সাহা, কী বোর্ডে কাইয়ূম খান, গিটারে রাজীব ঘোষ ও বেইজ গিটারে জাহাঙ্গীর আলম জনি।
/এমএস