‘লর্ড অব দ্য রিংস’ খ্যাত হলিউড অভিনেতা অরল্যান্ডো ব্লুম বাংলাদেশে এসেছেন। মূলত ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে চার দিনের সফরে ঢাকায় এসেছেন তিনি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউনিসেফ তথ্যটি নিশ্চিত করেছে।
বাংলাদেশে আসার পর ইতোমধ্যে গত বুধবার কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন তিনি। এ সময় রোহিঙ্গা ক্যাম্পের শিশুদের শিক্ষা কার্যক্রমের খোঁজখবর নেন ব্লুম। পাশাপাশি শিশুদের সঙ্গে সময়ও কাটান।
বাংলাদেশে আসা নিয়ে অরল্যান্ডো ব্লুমকে উদ্ধৃত করে বুধবার এক ইনস্টাগ্রাম পোস্টে ইউনিসেফ লিখেছে, ‘আমি আট বছরের বেশি সময় পর আবারও বাংলাদেশে এসেছি। এবার আমি কক্সবাজারে বিশ্বের সবচেয়ে বড় শরণার্থীশিবিরে এসেছি। এখানে ১০ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থী থাকে, যাদের অর্ধেকের বেশি শিশু।
রোহিঙ্গা শিশু, তরুণের পাশাপাশি কমিউনিটি কর্মী ও শিক্ষকদের সঙ্গে কথা বলেছি। রোহিঙ্গা শিশুরা নিজেদের ভবিষ্যৎ গড়তে পড়াশোনা করতে চায়। কিন্তু তহবিল কমে যাওয়ার কারণে তাদের শিক্ষা হুমকির মুখে পড়েছে।’
২০০৯ সাল থেকে ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছেন এই হলিউড অভিনেতা। এর আগেও ২০১৭ সালে বাংলাদেশে এসেছিলেন অরল্যান্ডো ব্লুম। আট বছর পর আবারও এলেন। সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে তিনি বিভিন্ন সময় কাজ করেছেন।