মডেল, অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান। বিয়ে নিয়ে নানা মন্তব্য করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছেন বেশ কয়েকবার তিনি। কেমন ছেলে পছন্দ, ছেলের মধ্যে কী কী গুণ থাকতে হবে এসব প্রায়ই বলেছেন এই অভিনেত্রী। অবশেষে বিয়ে করলেন প্রিয়াঙ্কা জামান।
নারায়ণগঞ্জের ব্যবসায়ী রাকিবুল হাসানের সঙ্গে গত রবিবার রাতে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন প্রিয়াঙ্কা। পুরান ঢাকায় উভয় পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়ের পরের দিনই দুজনে ওমরাহ পালনের জন্য সৌদি আরবের উদ্দেশে গতকাল রওনা হন। ওমরাহ পালন শেষে তারা আগামী ২৩ নভেম্বর দেশে ফিরবেন।
প্রিয়াঙ্কা জামান বলেন, ‘রাকিবের সঙ্গে পরিচয় খুব বেশিদিনের নয়। কিন্তু অল্পদিনের পরিচয়ে আমি তাকে জানার চেষ্টা করেছি, বোঝার চেষ্টা করেছি সে কেমন মানুষ, তার মানসিকতাও কেমন এবং আগামীতে আমাকে কতটা আগলে রাখতে পারবে নিজের করে- সবকিছুরই বিবেচনা সাপেক্ষে আমি তাকে বিয়ে করেছি।
মূলকথা আমি বিগত দিনে যেমন একটি মানুষের স্বপ্ন দেখে আসছি রাকিব ঠিক তেমনই একটি মানুষ। নারী জীবনের স্বপ্নই থাকে জীবনসঙ্গী হিসেবে একজন ভালো মনের মানুষ পাওয়া, রাকিব ঠিক তাই। বিয়ের পরের দিনই আমরা ওমরাহ পালন করার জন্য রওনা হয়েছি। সবার কাছে দোয়া চাই আমরা যেন সুস্থভাবে দেশে ফিরতে পারি এবং বাকিটা জীবন সুখে-দুঃখে একসঙ্গে কাটাতে পারি। আর ইনশাআল্লাহ আগামী জানুয়ারিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।’
ইতোমধ্যে প্রিয়াঙ্কা জামান সজীব চিশতীর ‘গয়নার বাক্স’সহ একই পরিচালকের আরও দুটি নাটকে কাজ করেছেন। কিছুদিন আগে সুনামগঞ্জে কামরুল হুদার রচনায় ও কামরুল হাসান সুজনের পরিচালনায় প্রিয়াঙ্কা ২৬ পর্বের ধারাবাহিক নাটক ‘মার্ডার’-এর কাজ শেষ করেছেন। প্রিয়াঙ্কা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল ডিপজল প্রযোজিত ‘যেমন জামাই তেমন বউ’।
এই অভিনেত্রীর মুক্তি প্রতীক্ষিত সিনেমাগুলো হচ্ছে মান্নান গাজীপুরীর ‘কী করে বলবো তোমায়’, অপূর্ব রানার ‘যন্ত্রণা’ ও মোহাম্মদ আসলামের ‘তবুও প্রেম দামি’।
/এমএস