এবারের মিস ইউনিভার্স প্রতিযোগিতার ৭৪তম আসর বসেছিল থাইল্যান্ডে। এই প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে অংশ নিয়েছিলেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। জিততে না পারলেও দেশের হয়ে ইতিহাস গড়েছেন তিনি।
মিস ইউনিভার্সের চূড়ান্ত পর্ব শেষ করে দেশে ফিরেছেন মিথিলা। আজ মঙ্গলবার দুপুর সাড়ে তিনটার দিকে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এসে পৌঁছান তিনি।
এর আগে গত ২১ নভেম্বর আয়োজনটির গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়। সেখানে কঠিন প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে টপ থার্টিতে (সেরা ৩০) জায়গা করে নেন মিথিলা। কিন্তু সেখান থেকে আর সেরা ১২-তে জায়গা করে নিতে পারেননি।
তবে সেরার মুকুট মাথায় পড়তে না পারলেও প্রথমবার প্রতিযোগিতায় অংশ নিয়েই এই প্রথম কোনো বাংলাদেশি হিসেবে টপ থার্টিতে স্থান পেয়ে ইতিহাস গড়েন মিথিলা। তিনি বর্তমানে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’-এরও বিজয়ী।
/এমএস