চিত্রনায়ক শাকিব খান। একের পর এক নতুন নতুন লুকে হাজির হচ্ছেন দর্শকের সামনে। এই নতুন লুকের পরিমাণটা আগের চেয়ে বেড়েছে বহুগুণ।
ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে তার অনেক নতুন লুকের ছবি প্রকাশিত হয়েছে। প্রফেসর থেকে শুরু করে শুটার বৃদ্ধের মতো নানা চরিত্রের ছাপ পাওয়া যাচ্ছে ঢালিউডের এই খানকে। আর এসব ছবি দেখে আনন্দে মেতে উঠেছে শাকিবভক্তরা।
সম্প্রতি একটি বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছেন শাকিব খান। এটি নির্মাণ করেছেন খ্যাতিমান পরিচালক আদনান আল রাজীব। সেই বিজ্ঞাপনেই মূলত ছয়টি বৈচিত্র্যময় লুকে নিজেকে উপস্থাপন করেছেন শাকিব খান।
সেসব ছবি নিয়ে আলোচনার মাঝেই পাইলটের বেশে হাজির হয়ে চমকে দিলেন এই নায়ক। সেই ছবিতে দেখা যায় সম্পূর্ণ অন্য রকম এক শাকিব খানকে; যা নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে আলোচনা।
ছবিতে দেখা যায়, নেভি ব্লু ক্যাপ্টেন ইউনিফর্ম, গম্ভীর লুক, পরিপাটি গেটআপ; চোখে সানগ্লাস আর পরিচ্ছন্ন গোঁফে যেন ভক্তদের নতুন করে মুগ্ধ করেছেন তিনি। ছবিগুলোর ক্যাপশনে শাকিব লেখেন, ‘আকাশটা সীমা নয়, এটি শুরু করার স্থান!’
সামনেই আসছে শাকিব খানের নতুন সিনেমা ‘সোলজার’। অনেকে ভেবেছেন, এগুলো হয়তো এই সিনেমার লুক।
/এমএস