লাইফ সাপোর্টে থাকা ছোট পর্দার অভিনেতা তিনু করিমের শারীরিক অবস্থা আরও সংকটাপন্ন হয়ে পড়েছে। বুধবার রাত থেকে তার রক্তচাপ হঠাৎ কমে যায়। এরপর অবস্থা স্থিতিশীল না হওয়ায় আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে চিকিৎসকেরা জানিয়েছেন, সর্বোচ্চ চেষ্টা চালিয়েও অবস্থার কোনো উন্নতি হচ্ছে না। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতার স্ত্রী হুমায়রা নওশিন।
গত ২৪ নভেম্বর রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হন এ অভিনেতা। এর আগে ৮ নভেম্বর বরিশালে গ্রামের বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। তাঁর শরীরের অক্সিজেনের মাত্রা দ্রুত কমতে থাকায় ২৪ নভেম্বর ঢাকায় এনে আইসিইউতে ভর্তি করা হয়। দুই দিন আগে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে কেবিনে স্থানান্তর করা হয়েছিল।
তবে বুধবার রক্তচাপ ও রক্তে শর্করার মাত্রা আকস্মিকভাবে কমে গেলে তিনি অচেতন হয়ে পড়েন। পরে পুনরায় আইসিইউ এবং সেখান থেকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
স্বামীর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়ে হুমায়রা নওশিন বলেন, “সবাই আমার সন্তানের বাবার জন্য দোয়া করবেন, যেন তিনি আমাদের মাঝে ফিরে আসেন।”
দুই যুগ ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত তিনু করিম। ২০০১ সালে ‘সাক্ষর’ নাটকের মাধ্যমে ছোট পর্দায় পথচলা শুরু করেন তিনি। ২০১০ সালে ‘অপেক্ষা’ চলচ্চিত্র দিয়ে বড় পর্দায় অভিষেক করেন। এরপর অসংখ্য নাটক, টেলিফিল্ম ও বিজ্ঞাপনে অভিনয় করেছেন এ অভিনেতা। তাঁর ১১ বছর বয়সী এক কন্যাসন্তান রয়েছে।
/এমটি