বাংলাদেশের নৃত্য, অভিনয় ও মডেলিং অঙ্গনের নন্দিত শিল্পী সাদিয়া ইসলাম মৌ। আজ তার জন্মদিন। একইদিনে এবার উদযাপিত হচ্ছে বাবা দিবস। দুই বিশেষ উপলক্ষে প্রয়াত বাবার গাওয়া গানকে নতুন আঙ্গিকে উপহার দিলেন খ্যাতিমান ফ্যাশন ডিজাইনার ও বিশ্বরঙের কর্ণধার বিপ্লব সাহা।
বিশ্বরঙের এই বিশেষ উদ্যোগে নির্মিত হয়েছে একটি মিউজিক ভিডিও, যেখানে নতুন সংগীতায়োজনে পুনরায় প্রাণ পেয়েছে মৌয়ের প্রয়াত বাবা, প্রখ্যাত সংগীতশিল্পী সাইফুল ইসলামের কণ্ঠে গাওয়া একটি জনপ্রিয় গান। গানটির মূল গীতিকার নঈম দোহার এবং সুরকার নওয়ার পারভেজ। নতুন সংগীতায়োজন করেছেন রাজন সাহা, যিনি আধুনিক নির্মাণশৈলীর মাধ্যমে গানটিকে দিয়েছেন ভিন্নমাত্রা।
এই প্রজেক্টের সবচেয়ে আবেগঘন দিক হলো—সাদিয়া ইসলাম মৌ প্রথমবারের মতো কোনো মিউজিক ভিডিওতে নিজের কণ্ঠে কবিতা পাঠ করেছেন। দীর্ঘ ক্যারিয়ারে নৃত্য, অভিনয় ও মডেলিংয়ে সাফল্যের পর এই নতুন সংযোজন তাঁর শিল্পীসত্তায় যুক্ত করেছে এক ভিন্ন আবেগ ও গভীরতা।
প্রজেক্টটি নিয়ে বিপ্লব সাহা বলেন, “মৌ আমাদের সাংস্কৃতিক অঙ্গনের উজ্জ্বল নাম। তাঁর জন্মদিন ও বাবা দিবস একই দিনে হওয়ায় আমরা চেয়েছি এমন কিছু করতে, যা স্মৃতি ও ভালোবাসাকে একসঙ্গে ধারণ করে। প্রয়াত সাইফুল ইসলামের প্রতি শ্রদ্ধা জানিয়ে গানটিকে নতুনভাবে উপস্থাপন করা হয়েছে।”
তিনি আরও জানান, মৌয়ের কবিতা পাঠ এই কাজটিকে শুধু একটি মিউজিক ভিডিও নয়, বরং এক আবেগঘন শিল্পভাষ্যে রূপ দিয়েছে, যেখানে ব্যক্তিগত অনুভূতি ও শিল্প এক হয়ে গেছে।
মিউজিক ভিডিওটির চিত্রগ্রহণ করেছেন অনিক ছন্দ এবং সম্পাদনার দায়িত্বে ছিলেন তুষার। পুরো নির্মাণে চেষ্টা করা হয়েছে স্মৃতি, শ্রদ্ধা ও ভালোবাসার সূক্ষ্ম অনুভূতিগুলোকে দৃশ্য ও সুরের মাধ্যমে ফুটিয়ে তুলতে।
আজ সন্ধ্যায় মিউজিক ভিডিওটি একযোগে বিশ্বরঙের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং বিপ্লব সাহার ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে। পাশাপাশি এটি বিশ্বরঙের অফিসিয়াল ফেসবুক পেজেও উন্মুক্ত থাকবে।
/এমটি