দুই দশকের দীর্ঘ অপেক্ষা শেষে পর্দায় ফিরছে হলিউডের আলোচিত সিনেমা ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’-এর সিক্যুয়েল। ২০০৬ সালে মুক্তি পাওয়া সাড়া জাগানো এই কমেডি-ড্রামা সিনেমার দ্বিতীয় কিস্তি ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা ২’ আগামী ১ মে বিশ্বজুড়ে মুক্তি পেতে যাচ্ছে। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পাবে কাঙ্ক্ষিত এই চলচ্চিত্র।
ডেভিড ফ্রাঙ্কেল পরিচালিত এই সিনেমাটি ২০০৬ সালে বক্স অফিসে অভাবনীয় সাফল্য পেয়েছিল। মাত্র ৩৫ মিলিয়ন মার্কিন ডলার বাজেটে নির্মিত ছবিটি বিশ্বজুড়ে আয় করেছিল প্রায় ৩২৭ মিলিয়ন ডলার। লরেন ওয়েইসবর্গারের উপন্যাস অবলম্বনে নির্মিত সিনেমাটির সিক্যুয়েল নিয়ে দর্শকদের মধ্যে দীর্ঘদিনের আগ্রহ ছিল।
সিনেমাটির প্রধান আকর্ষণ হিসেবে থাকছেন হলিউডের তিন দাপুটে তারকা মেরিল স্ট্রিপ, অ্যান হ্যাথাওয়ে ও এমিলি ব্লান্ট। এ ছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন স্ট্যানলি টুসি, জাস্টিন থেরাক্স ও কেনেথ ব্রানা। আগের কিস্তির মতো এটিও পরিচালনা করেছেন ডেভিড ফ্রাঙ্কেল।
গল্পের প্রেক্ষাপটে দেখা যাবে, ফ্যাশন ম্যাগাজিনের সেই প্রভাবশালী সম্পাদক মিরান্ডা প্রিস্টলি (মেরিল স্ট্রিপ) এখন আরও পরিণত। অন্যদিকে, মিরান্ডার সাবেক সহকারী অ্যান্ডি স্যাক্স (অ্যান হ্যাথাওয়ে) এখন ফিচার সম্পাদক হিসেবে পদোন্নতি পেয়েছেন। অ্যান্ডি ও তাঁর চিরপ্রতিদ্বন্দ্বী এমিলির (এমিলি ব্লান্ট) পেশাগত ও ব্যক্তিগত দ্বন্দ্ব এবারের পর্বেও নতুন মোড় নেবে।
২০০৬ সালে যখন প্রথম সিনেমাটি মুক্তি পায়, তখন মেরিল স্ট্রিপের বয়স ছিল ৫৬ বছর। সেই চরিত্রে অভিনয়ের জন্য তিনি গোল্ডেন গ্লোব পুরস্কার জিতেছিলেন। বর্তমানে ৭৬ বছর বয়সে এসে তিনি তাঁর সেই চিরচেনা ‘কড়া বস’ ইমেজ কতটুকু ধরে রাখতে পারবেন, তা নিয়ে চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে ব্যাপক কৌতূহল দেখা দিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম ও পশ্চিমা সংবাদমাধ্যমগুলোতে সিনেমাটি নিয়ে ইতিমধ্যে ব্যাপক প্রচারণা শুরু হয়েছে। ফ্যাশন জগতের চাকচিক্য, করপোরেট প্রতিযোগিতা এবং ব্যক্তিগত জীবনের টানাপোড়েন—সব মিলিয়ে ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা ২’ বছরের অন্যতম আলোচিত সিনেমা হতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
/আবরার জাহিন