তামিলনাডুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন থালাপতি বিজয়। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর কয়েকটি সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এরমধ্যে বড় একটি প্রশাসনিক সিদ্ধান্ত হচ্ছে রাজ্যের ৭১৭ সরকারি মদের দোকান বন্ধের নির্দেশ দিয়েছেন তিনি।
স্থানীয় সময় মঙ্গলবার রাজ্যজুড়ে উপাসনালয়ের নিকটবর্তী ২৭৬টি দোকানসহ মোট ৭১৭টি খুচরা মদের দোকান বন্ধ করার নির্দেশ দিয়েছেন এই সুপারস্টার। জনসাধারণের কল্যাণের কথা বিবেচনা করেই খুচরা মদের দোকানগুলো বন্ধ করার আদেশ জারি করেছেন বিজয়।
একটি সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী দুই সপ্তাহের মধ্যে উপাসনালয়ের নিকটবর্তী ২৭৬টি দোকান, শিক্ষা প্রতিষ্ঠানের নিকটবর্তী ১৮৬টি দোকান এবং বাসস্ট্যান্ডের নিকটবর্তী ২৫৫টি দোকান বন্ধ করা হবে। রাজ্যের সমস্ত মদের দোকান বন্ধ করে দেওয়ার জন্য বিশেষ করে নারী এবং কয়েকটি রাজনৈতিক দলের পক্ষ থেকে ব্যাপক দাবি উঠেছে।
তামিলনাড়ু রাজ্য বিপণন করপোরেশন (টাসম্যাক) রাজ্যজুড়ে চার হাজার ৭৬৫টি খুচরা মদের দোকান পরিচালনা করে। নির্বাচনের আগে থালাপতি বিজয় কথা দিয়েছিলেন তামিলনাড়ুকে ‘মাদকাসক্ত মুক্ত’ করবেন। মুখ্যমন্ত্রী হয়ে এবার সেই কথাই রাখছেন তিনি।