নগরজীবনের ভিড়ে মানুষ আজ যেন আগের চেয়ে আরও একা। চারপাশে অনেক মানুষ থাকলেও, নিজের কথা বলার মতো একজন সঙ্গী খুঁজে পাওয়া যায় না সবসময়। এই একাকীত্বের দেয়াল ভাঙতে, মানসিক প্রশান্তি খুঁজে পেতে অনেকেই এখন বেছে নিচ্ছেন পোষা প্রাণীকে। হোক তা বিড়াল, কুকুর, খরগোশ কিংবা মাছ- এই ছোট্ট প্রাণীগুলো আমাদের জীবনে এনে দেয় ভালোবাসা, আনন্দ আর সঙ্গ। লিখেছেন তাসকিন
মানুষের সঙ্গী হয়ে ওঠা প্রাণী
পোষা প্রাণী মানুষের সবচেয়ে পুরোনো সঙ্গীদের মধ্যে একটি। একসময় তাদের ব্যবহার করা হতো পাহারা বা কাজের জন্য, এখন তারা পরিবারে এক অবিচ্ছেদ্য অংশ। আধুনিক জীবনের ব্যস্ততা, প্রতিযোগিতা ও মানসিক চাপের ভিড়ে মানুষ ক্রমেই একাকী হয়ে পড়ছে। সম্পর্কগুলো যান্ত্রিক হয়ে উঠছে, সময়ের অভাবে কমে যাচ্ছে আন্তরিকতা ও মমতা প্রকাশের সুযোগ। ঠিক এই জায়গাতেই পোষা প্রাণী হয়ে উঠছে এক নির্ভরযোগ্য মানসিক আশ্রয়। তাদের সঙ্গে সময় কাটানো মানে হলো নিঃস্বার্থ ভালোবাসা, স্বস্তি ও সঙ্গের অনুভূতি পাওয়া- যা আজকের দ্রুতগতির জীবনে এক বিরল অভিজ্ঞতা।
একাকীত্বে একটুখানি প্রশান্তি
একাকীত্ব শুধু শারীরিকভাবে একা থাকা নয়, এটি মানসিকভাবে ক্লান্তি, শূন্যতা এবং বিষণ্নতার সূচনাও হতে পারে। এমন সময় পোষা প্রাণী যেন নিঃশব্দ এক থেরাপি- একজন নীরব শ্রোতা, সঙ্গী, আর অনন্ত ভালোবাসার উৎস। তারা কথা বলতে পারে না, কিন্তু তাদের উপস্থিতিই যেন বলে দেয়- ‘তুমি একা নও।’
একটি বিড়ালের নিঃশব্দে পাশে এসে বসে থাকা, কুকুরের খুশিতে লেজ নাড়ানো, কিংবা খরগোশের মোলায়েম স্পর্শ- এ ছোট ছোট মুহূর্তগুলোই মানুষের জীবনে এনে দেয় এক অজানা প্রশান্তি। তাদের সরল আচরণ, স্নেহময় দৃষ্টি আর নির্ভরতার অনুভূতি মুহূর্তেই মন ভালো করে দেয়, দূর করে মানসিক ভারাক্রান্ততা।
গবেষণায় দেখা গেছে, পোষা প্রাণীর সঙ্গে সময় কাটালে শরীরে ‘অক্সিটোসিন’ নামের হরমোনের নিঃসরণ বাড়ে, যা মানসিক প্রশান্তি ও সুখের অনুভূতি জাগায়। যারা একা থাকেন, তাদের জন্য এটি এক ধরনের মানসিক সমর্থন- যা বন্ধুর মতোই মনকে হালকা রাখে। প্রতিদিন তাদের খাওয়ানো, হাঁটানো বা খেলায় অংশ নেওয়া জীবনে এনে দেয় নিয়ম, দায়িত্ববোধ এবং ইতিবাচক রুটিন।
মানসিক স্বাস্থ্য ও পোষা প্রাণীর প্রভাব
বিশ্বজুড়ে বিভিন্ন গবেষণায় দেখা গেছে, যাদের পোষা প্রাণী আছে তারা তুলনামূলকভাবে মানসিকভাবে বেশি স্থিতিশীল। বিশেষ করে একা থাকা মানুষদের ক্ষেত্রে এর প্রভাব আরও স্পষ্ট।
বয়স্ক ব্যক্তিদের জন্য পোষা প্রাণী নিঃসঙ্গতার বড় প্রতিষেধক। তাদের জীবনে একঘেয়েমি দূর হয়, মন থাকে চাঙা। তরুণ প্রজন্মের জন্য এটি মানসিক ভারসাম্য ধরে রাখার এক দুর্দান্ত উপায়। কাজ বা পড়াশোনার চাপের মধ্যে একটি প্রাণীর সঙ্গে সময় কাটানো মনের প্রশান্তি এনে দেয়। এমনকি শিশুদের ক্ষেত্রেও পোষা প্রাণী সহানুভূতি, ভালোবাসা ও দায়িত্ববোধ শেখায়।
যত্ন ও দায়িত্বের সমন্বয়
তবে মনে রাখতে হবে, পোষা প্রাণী শুধু বিনোদনের উৎস নয়; তাদের জন্য প্রয়োজন সময়, যত্ন ও ভালোবাসা। প্রতিদিন খাওয়ানো, পরিষ্কার রাখা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা- সবই তাদের সুস্থ ও সুখী রাখার জন্য জরুরি। যারা প্রথমবার পোষা প্রাণী নিতে চান, তারা নিজের জীবনযাত্রা ও সময়ের সামঞ্জস্য দেখে সিদ্ধান্ত নেওয়া উচিত। একটি প্রাণীর দায়িত্ব মানে তার জীবনের দায়িত্ব নেওয়া। তারা শুধু ভালোবাসা দেয় না, তার বিনিময়ে আমাদের কাছ থেকেও চায় যত্ন ও স্নেহ।
একটি সম্পর্কের নীরব ভাষা
পোষা প্রাণীর সঙ্গে সম্পর্কের সৌন্দর্য হলো- এখানে কোনো শর্ত নেই, নেই স্বার্থ। তারা আমাদের ভালোবাসে নিঃস্বার্থভাবে, ঠিক যেমন আমরা তাদের ভালোবাসি। যখন দিন শেষে ঘরে ফিরে ক্লান্ত শরীরে দরজা খুলে দেখি, আমাদের দিকে দৌড়ে আসছে একটা ছোট্ট প্রাণী- সেই মুহূর্তের আনন্দ ভাষায় প্রকাশ করা যায় না। তাদের উপস্থিতি একাকীত্বের ভার হালকা করে, জীবনে নিয়ে আসে উষ্ণতা আর ভালোবাসার আবেশ।