বাস্তবিক বাঘ ছিল, ডোরাকাটা ঘুরত সদর্পে, ছড়াত ভয়
এখন প্রত্যেকেই ঢুকে গেছে নিজস্ব গুহায়।
নক্ষত্রপ্রদেশের দ্যুতিময় বাগানের নাভীসন্ধিতক্
রৌদ্রের ডোরা নিয়ে তাদের বাঘিনীরা চমকায়।
ছানাপোনাদের নিয়ে সত্যিকার মগ্ন ও সন্ত্রস্ত রয়েছে!
দেখেছে অগ্রগামী জরার সমুদ্র খুব কাছে চলে আসে
তাদের বিস্মিত দৌড়ের ওড়ানো বেলুন আর দীপ্তিময় ফটোগ্রাফ
এক বিষণ্ন জাদুঘরে পড়ে আছে।
নাভিশ্বাস দৌড়ের দীর্ঘ টানেলের শেষে এক নিবিড় গুহায়
স্বাস্থ্যপ্রদ বিশ্রামের নায়ে দুলে দুলে
দিয়েছে বিস্তর পাড়ি রাত্রির অবিশ্রান্ত জলে।
এখন প্রসন্ন আর চমকিত সব দিন পিছে পড়ে আছে,
এখন বসন্তের উজ্জ্বল আকাশে বৈশাখের বজ্রবিদ্যুৎ!