ইংরেজি বছরের প্রথম দিন আজ। নতুন বছরে নতুন সব ঘটনা হাজির হবে আপনার সামনে। ভালো-মন্দ যে সময়েই আসুক না কেন, কোনোটাই চিরস্থায়ী নয়। রাশিফল অনুযায়ী কিছুটা হলেও অনুমান করা যায়, এ বছরের দিনগুলোতে কী ঘটবে আপনার জীবনে। তবে রাশিফল অনেকেই বিশ্বাস করেন না। শুধু আগ্রহী পাঠকদের জন্য আমাদের এবারের আয়োজন। ২০২৫ সালে ১২ রাশির জাতক-জাতিকার কেমন যাবে, তা জানাচ্ছেন জ্যোতিষশাস্ত্রী ড. চিন্ময় চৌধুরী
মেষ (Aries) | ২১ মার্চ-২০ এপ্রিল
প্রভাবকারী গ্রহ: মঙ্গল
সংখ্যা: ৯
মূল উপাদান: অগ্নি
শুভ দিন: মঙ্গলবার
শুভ তারিখ: ৯, ১৮, ২৭
২০২৫ সাল মেষ রাশির জন্য সৌভাগ্য ও সম্ভাবনাময় বছর। বছরের শুরুতে বেশ ভালো উন্নতির সুযোগ তৈরি হবে। কিছু গ্রহগত অবস্থানের কারণে আপনার মধ্যে স্পষ্ট কথা বলার প্রবণতা, নির্ভীকতা ও অস্থিরতা বাড়বে। সৃজনশীল কর্মে জড়িত জাতক-জাতিকাদের জন্য বছরটি অনুকূল। সন্তানের কোনো সাফল্যে গর্বিত হতে পারেন। তবে দূরপাল্লার ভ্রমণ, বিদেশ গমন এবং বিদেশের সঙ্গে যেকোনো বিষয়ে লেনদেনে যথেষ্ট সচেতন ও সাবধানতা অবলম্বন করা প্রয়োজন।
পরিবারে সুখ ও শান্তির পরিবেশ উপভোগ করবেন। গ্রহের কিছু প্রতিকূল অবস্থানের কারণে মাঝে মধ্যেই ব্যক্তিগত লক্ষ্য থেকে আপনি কিছুটা বিচ্যুত হতে পারেন। বছরের মধ্য সময়ে ব্যবসা-কর্মক্ষেত্রে নানাবিধ জটিল অবস্থা তৈরি হতে পারে। পেশাগত কাজে অতিরিক্ত উদ্বেগ ও চাপ বাড়লেও লক্ষ্য অর্জনে সফল হবেন।
এ বছর ব্যবসায় বড় সাফল্য লাভের সুযোগ তৈরি হবে। ব্যবসায় নতুন যোগাযোগ ও চুক্তি সম্পাদনে অগ্রগতি হবে। বড় বিনিয়োগের বিষয়ে যথেষ্ট সচেতন হতে হবে, নাহলে ক্ষতির সম্ভাবনা আছে।
দাম্পত্য জীবন মোটামুটি ভালো থাকবে। তবে স্বামী-স্ত্রী কিছুটা স্বাধীনচেতা ও একরোখা মনোভাব দেখাতে পারেন। ধৈর্য ও সহনশীলতার পরিচয় দিতে পারলে এ বছর স্বামী-স্ত্রীর সম্পর্ক অনেকটাই ভালো যাবে।
উচ্চশিক্ষা ও গবেষণায় সাফল্য লাভ হবে। কারিগরি ব্যবস্থাপনা, সেবামূলক কাজ, চিকিৎসা পেশায় যুক্তদের জন্য শুভ সময়। অনেকের নতুন কর্মপ্রাপ্তি ও পদোন্নতির সম্ভাবনা আছে। শারীরিক বিষয়ে যথেষ্ট সচেতন থাকা প্রয়োজন। সচেতন না হলে শারীরিক বিষয়ে কিছুটা সমস্যায় পড়তে পারেন।
যানবাহন ও যন্ত্রপাতি ব্যবহারে যথেষ্ট সচেতন থাকবেন।
এ বছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য শুভ।
অপ্রিয় সত্য কথা বলার জন্য এ বছর বহু শত্রু সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে। প্রেমিক যুগলের জন্য ভালো সময়।
ধারাবাহিকতা বজায় রাখতে হলে অন্যের ত্রুটি-বিচ্যুতির দিকে নজর দেওয়া বা সব সময় অপরের সমালোচনা থেকে বিরত থাকুন।