সাংহাই কো-অপারেশন অরগানাইজেশনের (এসসিও) শীর্ষ সম্মেলনে যোগ দিতে কাজাখস্তানে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গতকাল বুধবার (৩ জুলাই) ক্রেমলিন এ তথ্য নিশ্চিত করেছে।
সাংহাই কো-অপারেশন অরগাইজেশনের সদস্য ৯টি রাষ্ট্র। স্থায়ী সদস্যরা- কাজাখস্তান, ভারত, চীন, কিরগিজস্তান, পাকিস্তান, রাশিয়া, তাজিকিস্তান, উজবেকিস্তান এবং নতুন সদস্য রাষ্ট্র ইরান।
জোটটিতে চলতি বছর বেলারুশ যোগ দেবে বলে আশা করা হচ্ছে। ২০২৩ সালের এসসিও শীর্ষ সম্মেলনেই বেলারুশ সদস্য হবে বলে জানানো হয়।
ক্রেমলিন এক বিবৃতিতে বলেছে, ‘৩-৪ জুলাই এসসিও সদস্য দেশগুলোর নেতারা সংস্থার মধ্যে বহুমুখী সহযোগিতা আরও গভীর করার জন্য এবং এর কার্যক্রমের উন্নতি ও সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন।’
ক্রেমলিন বলেছে, পুতিনের শীর্ষ সম্মেলনে নেতাদের আরও কয়েকজনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পরিকল্পনা রয়েছে।
এদিকে, সম্মেলনে যোগ দিতে গত বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করও কাজাখস্তানে পৌঁছান। সেখানে দেশটির উপপ্রধানমন্ত্রী মুরত নরতলুর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। সূত্র: এএফপি