বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক ‘ইতিবাচক ও গঠনমূলক’ থাকবে বলে আস্থা প্রকাশ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
গতকাল মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ‘ইন্ডিয়া, এশিয়া অ্যান্ড ওয়ার্ল্ড’ নামের এক আয়োজনে এ মন্তব্য করেন তিনি।
জয়শঙ্কর বলেন, ‘ব্যাপারটি এমন নয় যে ভারত প্রত্যেক প্রতিবেশীর সব রাজনৈতিক পদক্ষেপ নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এভাবে কাজ করে না এটি। এভাবে কাজও হয় না, শুধু যে আমাদের জন্য নয় তা না, কারও জন্যই নয়।’
মূলত বাংলাদেশ ও শ্রীলঙ্কা নিয়ে প্রশ্ন করা হয়েছিল জয়শঙ্করকে। তার কাছে জানতে চাওয়া হয়েছিল, বাংলাদেশ ও শ্রীলঙ্কাকে নিঃশর্তভাবে সহায়তা দিয়েছে ভারত। কিন্তু বাংলাদেশে সরকার পরিবর্তন ভারতের জন্য প্রতিকূল হয়ে দাঁড়িয়েছে, সে বিষয়টিকে তিনি কীভাবে দেখছেন।
এর উত্তরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রত্যেক দেশের নিজস্ব গতিশীলতা রয়েছে। বৈদেশিক নীতিতে আপনি চেষ্টা করবেন তা বুঝতে, অনুমান করতে এবং তারপর সেটির প্রতিক্রিয়া জানাতে। আমাদের পারস্পরিক নির্ভরতার বাস্তবতা বা সুফল এবং আমাদের তাল মিলিয়ে চলার সক্ষমতা দিন শেষে আমাদের প্রতিবেশীদের সঙ্গে উভয় পক্ষেরই স্বার্থ বজায় রাখবে বলে আত্মবিশ্বাসী আমি। ওই বাস্তবতাগুলো নিজেই তা প্রমাণ করবে। ইতিহাস তা-ই বলে।’
জয়শঙ্কর আরও বলেন, ‘কয়েক বছর পরপর আমাদের এই অঞ্চলে কিছু একটা হয় এবং মানুষ বলতে শুরু করে পুনরুদ্ধারের অযোগ্য একটি পরিস্থিতি তৈরি হয়েছে। তারপর আপনি দেখবেন সংশোধনীগুলো নিজে থেকেই ছড়িয়ে পড়তে শুরু করেছে।’
ভারতের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘আমি দুই দেশের ক্ষেত্রেই (বাংলাদেশ ও শ্রীলঙ্কা) বেশ আত্মবিশ্বাসী যে আমাদের সম্পর্ক ইতিবাচক ও গঠনমূলক থাকবে।’
বাংলাদেশ প্রসঙ্গে জয়শঙ্কর বলেন, ‘আমরা সেখানে গত দশকে বিভিন্ন ধরনের প্রকল্প হাতে নিয়েছিলাম, যা আমাদের দুই পক্ষের জন্যই ভালো ছিল। সার্বিকভাবে অর্থনৈতিক কর্মকাণ্ডের অগ্রগতি হচ্ছিল এবং ওই অঞ্চলের লজিস্টিকসও উন্নত হয়েছিল।’
জয়শঙ্কর এ সময় দাবি করেন, দুই দেশই এ থেকে অনেক কিছু অর্জন করেছে।
প্রসঙ্গত, গত ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে ক্ষমতা হারায় শেখ হাসিনা সরকার। সরকারি চাকরির কোটা সংস্কারের আন্দোলন সরকারের দমন-পীড়নে বড় আন্দোলনে রূপ নেয়। পরে তীব্র আন্দোলনের মুখে পালাতে হয় শেখ হাসিনাকে। তিনি আশ্রয় নেন ভারতে। দেশের দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস