যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প তার প্রশাসনে অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন ওয়াল স্ট্রিটে বিনিয়োগকারী স্কট বেসেন্টকে। তিনি আয়কর নীতি, সরকারি ঋণ, আন্তর্জাতিক অর্থনীতি ও নিষেধাজ্ঞা সম্পর্কিত বিষযগুলোর নেতৃত্ব দেবেন।
শুক্রবার (২২ নভেম্বর) এ ঘোষণা দেওয়া হয়। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে তার প্রশাসনে এই নিয়োগ অন্যতম একটি গুরত্বপূর্ণ সিদ্ধান্ত।
স্কট বেসেন্ট ওয়াল স্ট্রিটের বিখ্যাত বিনিয়োগকারী। তিনি হাঙ্গেরিয়ান-মার্কিন ব্যবসায়ী ও ধনকুবের জর্জ সোরোসের অধীনে কাজ করেছিলেন। ২০২৪ সালের নির্বাচনে ট্রাম্পের সমর্থক হিসেবে বিভিন্ন প্রচারণায় অংশ নেন তিনি। ৬২ বছর বয়সী এই ব্যবসায়ী ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’ নীতির একজন দৃঢ় সমর্থক হিসেবে পরিচিত।
অর্থমন্ত্রী পদে বেসেন্টের নাম ঘোষণা করে সোশ্যাল ট্রুথে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘স্কট বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় আন্তর্জাতিক বিনিয়োগকারী এবং ভূরাজনৈতিক ও অর্থনৈতিক কৌশলবিদ হিসেবে ব্যাপকভাবে সম্মানিত।’
তিনি বলেন, ‘তিনি (স্কট) আমাদের নীতির প্রতি দীর্ঘদিনের একজন সমর্থক। আমাদের নীতিগুলো সমর্থন করার মধ্যে দিয়ে তিনি যুক্তরাষ্ট্রের প্রতিযোগিতামূলক মনোভাবকে এগিয়ে নেবেন এবং অন্যায্য বাণিজ্য ভারসাম্যহীনতা কমাবেন।’
এ ছাড়া শুক্রবার ট্রাম্প রিপাবলিকান কংগ্রেসওম্যান লরি শ্যাভেজ-ডিরেমারকে মার্কিন শ্রমমন্ত্রী হিসেবে মনোনীত করেছেন। যার লক্ষ্য হবে শ্রমিকের মজুরি বাড়ানো এবং কাজের পরিবেশের উন্নয়ন ঘটানো।
এদিকে স্কট টার্নারকে আবাসন ও নগর উন্নয়ন বিভাগের প্রধান হিসেবে এবং ফ্লোরিডার সাবেক কংগ্রেসম্যান ড. ডেভ ওয়েলডনকে কেন্দ্রীয় রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থার পরিচালক হিসেবে মনোনীত করা হয়েছে। সূত্র: বিবিসি
তাওফিক/পপি