মার্কিন সাময়িকী ফোর্বস জানিয়েছে, ইলন মাস্কই এখন ইতিহাসের সর্বকালের সেরা ধনী। ফোর্বসের প্রতিবেদনে বলা হয়, সব মিলিয়ে এই মুহূর্তে মাস্কের মোট সম্পদের পরিমাণ ৩২২ বিলিয়ন ডলার অর্থাৎ ৩২ হাজার ২০০ কোটি ডলারের (প্রায় ৩৮ লাখ ৬৪ হাজার কোটি টাকা) বেশি, যা পৃথিবীর ইতিহাসে রেকর্ড বলে মনে করছেন অনেক অর্থনৈতিক বিশ্লেষক।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর ধনী ইলন মাস্কের সম্পদ আরও ফুলেফেঁপে উঠেছে। দ্য ইকোনমিক টাইমস জানিয়েছে, গত ২০ দিনে মাস্কের সম্পত্তিতে আরও ৭০ বিলিয়ন ডলার যুক্ত হয়েছে; যা বাংলাদেশের এক বছরের বাজেটের কাছাকাছি। পৃথিবীর ইতিহাসে কেউ এত ধনী হননি বলে দাবি অর্থনীতিবিদদের।
এবারের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন মাস্ক। ট্রাম্পের জন্য তিনি প্রায় ২০ কোটি ডলার খরচ করেন। টেসলা, এক্স এআই, স্পেস এক্স, এক্স (টুইটার), নিউরালিংকের মতো বড় প্রতিষ্ঠানগুলো তার এ কৃতিত্ব অর্জনে মূল ভূমিকা পালন করছে। এসব প্রতিষ্ঠানে তার সিংহভাগ শেয়ার রয়েছে।
ফোর্বসের প্রতিবেদনে বলা হয়, গত কয়েক সপ্তাহে এক্স এআইয়ের বাজারমূল্য বেড়ে ৫০ বিলিয়নে পৌঁছে গেছে। এই কোম্পানিতে মাস্কের ৬০ শতাংশ শেয়ার রয়েছে। মহাকাশ গবেষণা সংস্থা স্পেস এক্সও লাভজনক জায়গায় রয়েছে। তাতে মাস্কের শেয়ার ৪২ শতাংশ। এই কোম্পানির বাজারমূল্য ২১০ বিলিয়ন ডলার। আর টেসলায় ১৩ শতাংশ শেয়ার রয়েছে মাস্কের।
পৃথিবীর ধনী ব্যক্তিদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন ল্যারি এলিসন, তৃতীয় জেফ বেজোস। তাদের সঙ্গে মাস্কের সম্পদের পার্থক্য বিশাল। ২৩৬ বিলিয়ন ও ২১৪ বিলিয়ন মার্কিন ডলার নিয়ে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন তারা। তালিকায় চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছেন যথাক্রমে মার্ক জাকারবার্গ ও বার্নার্ড আর্নো অ্যান্ড ফ্যামিলি। সূত্র: ফোর্বস সাময়িকী, দ্য ইকোনমিক টাইমস
মাহফুজ/এমএ/