ভিয়েতনামে হঠাৎ বিস্ফোরণে ১২ জন সেনা নিহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলে সামরিক প্রশিক্ষণ অনুশীলনের সময় এ ঘটনা ঘটে। ভিয়েতনামের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমের বরাতে খবরটি সামনে আসে। নিহতদের সবার লাশ পাওয়া যায়নি। তাদের সন্ধানে উদ্ধারকাজ চলছে।
ভিয়েতনামের সংবাদমাধ্যমকে উদ্ধৃত করে বার্তা সংস্থা এএফপি বলেছে, গত সোমবার রাতে দক্ষিণাঞ্চলের শিল্প কেন্দ্র ডং নাইতে সপ্তম সামরিক অঞ্চলের একটি সামরিক শুটিং রেঞ্জে বিস্ফোরণটি ঘটে।
প্রাথমিক তদন্তে উঠে এসেছে, প্রচণ্ড ঝড়ের সময় সেনারা বিস্ফোরক পদার্থ বহন করছিল। সেখানে বজ্রপাত আঘাত হানে আর তাতেই বিস্ফোরণ ঘটে। ভিয়েতনামের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ‘এটি সামরিক ইউনিট, পরিবার, আত্মীয়, কমরেড ও দলের সদস্যদের জন্য অপূরণীয় ক্ষতি।’
এ দুর্ঘটনা ঘটার এক দিন আগেই প্রতিরক্ষামন্ত্রী ফান ভ্যান গিয়াঙ সামরিক অনুশীলন শুরু করার ঘোষণা দেন। প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে। সপ্তম সামরিক সংবাদপত্রের প্রতিবেদনে বলা হয়েছে, কর্তৃপক্ষ এখনো নিহতদের বেশ কয়েকটি লাশের সন্ধান করছে। সূত্র: রয়টার্স, এএফপি