দেখতে দেখতে শেষ হয়ে যাচ্ছে ২০২৪ সাল। প্রতিবারের মতো এবারও আলোচনায় ছিল নানাবিধ ইস্যু। তবে বছরের শেষ দিকে এসে বলা চলে ২০২৪-জুড়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে তিনটি বিষয় নিয়ে। সেগুলো হলো- মূল্যস্ফীতি, নির্বাচন ও যুদ্ধ। বিশ্বের প্রায় সব দেশই এ তিনটির প্রভাব দেখেছে।
বার্তা সংস্থা রয়টার্সের ফিরে দেখা সংক্রান্ত প্রতিবেদন বলছে, বিশ্বের বেশির ভাগ অর্থনীতিতেই মূল্যস্ফীতি কিছুটা কমেছে। কিন্তু ভোটাররা তা আমলে নেননি। বরং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে তারা ছিলেন ক্ষুব্ধ। তাদের দৃষ্টিতে গত কয়েক বছর ধরে ডিম থেকে শুরু করে জ্বালানি- সবকিছুরই দাম বেড়েছে। ফলে তারা সেটির জবাব দিয়েছেন ভোটের মধ্যদিয়ে।
প্রায় সব দেশেই ক্ষমতাসীনদের সে ক্ষোভের আঁচ সহ্য করতে হয়েছে। কোনো কোনো দেশে নির্বাচনে ক্ষমতাসীনরা পরাজিত হয়েছেন। আবার কোনো কোনো দেশে নির্বাচনে জিতলেও হারিয়েছেন সংখ্যাগরিষ্ঠতা।
যুক্তরাষ্ট্রের নির্বাচনে মূল্যস্ফীতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয়টি প্রভাব ফেলেছে। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। রয়টার্সের প্রতিবেদন বলছে, দেশে ও বাইরে যুক্তরাষ্ট্রের যে গণতান্ত্রিক কাঠামোগুলো রয়েছে, ট্রাম্পের এই ফিরে আসা সেগুলোর পরীক্ষা নেবে।
যুক্তরাজ্য, বতসোয়ানা, পর্তুগাল ও পানামায় মূল্যস্ফীতি ক্ষমতাসীনদের বিপাকে ফেলেছে। যুক্তরাজ্যের ক্ষমতায় চলে এসেছে লেবার পার্টি।
এদিকে, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ুন সুক ইয়োলকে চাপে রাখতে সংসদে বিরোধী দলের হাতে ক্ষমতা দিয়ে দিয়েছিল দেশটির ভোটাররা। ডিসেম্বরের শুরুতে তিনি সামরিক আইন জারির চেষ্টা করেছিলেন। কিন্তু তাতে কাজ হয়নি। ব্যাপক জনরোষের মুখে অল্প সময়ের মধ্যেই তা প্রত্যাহার করে নিতে হয়েছে।
ফ্রান্স, জার্মানি, জাপান ও ভারতের মতো দেশগুলোর নির্বাচনেও প্রভাব দেখা গেছে। ভারতে লোকসভা নির্বাচনে একাধিপত্য হারিয়েছে দেশটির ক্ষমতাসীন বিজেপি। তাদের এবার জোটের ওপর নির্ভর করে ক্ষমতায় যেতে হয়েছে। ফ্রান্সে সাম্প্রতিক সময়ে আস্থা ভোটে হেরে পদত্যাগ করেন প্রধানমন্ত্রী। পরে নতুন প্রধানমন্ত্রী বেছে নেওয়া হয়। তবে জনমত জরিপ জানায়, তাকে নিয়েও অসন্তুষ্ট দুই-তৃতীয়াংশ ফরাসি। জাপানেও নির্বাচনের পর দেখা যায় কোনো দল সংখ্যাগরিষ্ঠতা পায়নি। সরকার গঠন নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা।
শুধু একটি দেশে কোনো পরিবর্তন হয়নি, আর সেটি হলো রাশিয়া। সেখানেও চলতি বছর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ৮৮ শতাংশ ভোট পেয়ে ফের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ভ্লাদিমির পুতিন। এ বছর পুতিনের কট্টর সমালোচক অ্যালেক্সেই নাভালনিও মারা গেছেন বন্দি অবস্থায়। তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়- নাভালনিকে মেরে ফেলা হয়েছে।
ইউক্রেন যুদ্ধও পুরো বছর ধরেই চলেছে। কিছু উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে। ইউক্রেন রাশিয়ার বেশ কিছু এলাকা দখলে নিয়েছে। যুদ্ধের আঁচ পৌঁছে দিয়েছে মস্কোর দোরগোড়ায়। তবে ট্রাম্পের পুনর্নির্বাচিত হওয়ার কারণে অনেক কিছুই বদলে যাবে বলে ধারণা করা হচ্ছে। তিনি এর আগে যুদ্ধ থামিয়ে দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। হোয়াইট হাউসে ফেরত যাওয়ার পর কী করেন, এখন সেটিই দেখার বিষয়। অনেক ইউক্রেনীয় ও ইউরোপীয়র শঙ্কা যে ট্রাম্প পুতিনের পক্ষে গিয়ে দাঁড়াবেন।
যুদ্ধ চলছে মধ্যপ্রাচ্যে। প্রাণহানি সেখানেই সবচেয়ে বেশি। ইসরায়েল গাজায় এখনো হামলা অব্যাহত রেখেছে। বেসামরিক মানুষ প্রতিদিন প্রাণ হারাচ্ছে। ক্ষুধা ও চিকিৎসা স্বল্পতায়ও কষ্ট করছে মানুষ। অনেকেরই নেই থাকার মতো কোনো জায়গা। অস্থায়ী তাঁবুতে দিন কাটাতে হচ্ছে। সহায়তা সংস্থার খাবার ও জরুরি রসদও ঠিকভাবে পৌঁছাতে দেওয়া হচ্ছে না। সবমিলিয়ে তৈরি হয়েছে মানবেতর পরিস্থিতি। খোদ জাতিসংঘ একাধিকবার গাজার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।
লেবাননের ইরান সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠী হামাসের সঙ্গে সংহতি প্রকাশ করে ইসরায়েলে হামলা চালিয়েছিল এবং তাদের সঙ্গেও ইসরায়েলি বাহিনীর যুদ্ধ হয়েছে। ইসরায়েল লেবাননে ব্যাপক হামলা চালিয়েছে। এতে হিজবুল্লাহর শীর্ষ নেতৃস্থানীয়দের অনেকে মারা গেছেন এবং দেশটির অনেক মানুষ বাস্তুচ্যুত হয়েছে। পরে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। তার পরও নানা ধরনের হামলা-পাল্টা হামলার খবর বেশ কয়েকবার জায়গা করে নিয়েছে গণমাধ্যমে।
সিরিয়ায় ক্ষমতাচ্যুত হয়েছেন বাশার আল-আসাদ। বিদ্রোহী গোষ্ঠী খুব দ্রুত দেশটির গুরুত্বপূর্ণ এলাকাগুলো দখলে নেয়। একপর্যায়ে বাশার আল-আসাদ পালিয়ে যান রাশিয়ায়। ইসরায়েল আসাদ সরকারের পতনের পর সিরিয়ার বেশ কিছু এলাকা দখলে নিয়েছে। সে জায়গায় তারা বসতি স্থাপনের চিন্তাভাবনাও করছে।
ব্যবসায়িক দিক থেকে বিশ্বে ২০২৪ সালে আলোচনায় ছিল কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার। অন্যদিকে টেসলার প্রধান ইলন মাস্ক এবার যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্পের উপদেষ্টা হয়েছেন। নির্বাচনের সময়ও তিনি তহবিলদাতার ভূমিকায় ছিলেন। ফলে আগামীতে মাস্কের রাজনৈতিক একটি রূপ বিশ্ব দেখতে পারে বলে ধারণা করা হচ্ছে। সূত্র: রয়টার্স