যুক্তরাষ্ট্রে শীতকালীন তীব্র তুষারঝড়ে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে বরফে ঢেকে গেছে দেশটির অধিকাংশ অঞ্চল, হাজার হাজার স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে, ব্যাহত হচ্ছে ভ্রমণ এবং ঘটেছে বিদ্যুৎ বিপর্যয়।
মঙ্গলবার (৭ জানুয়ারি) এক প্রতিবেদনে এসব তথ্য জানায় ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড, ভার্জিনিয়া, পশ্চিম ভার্জিনিয়া, কানসাস, মিসৌরি, কেন্টাকি এবং আরকানসাসসহ সাতটি রাজ্য জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
দেশেটিতে উত্তরের মেরু অঞ্চল থেকে প্রবাহিত শীতল বাতাসের ফলে সৃষ্টি হওয়া তীব্র তুষারপাতের কারণে এখন পর্যন্ত দুই হাজার ৩০০টিরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে এবং প্রায় ৯ হাজারটি ফ্লাইটে দেরি হয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্রের বিদ্যুৎ পরিষেবা বিভাগ জানিয়েছে, তুষারঝড়ের কারণে দুই লাখেরও বেশি মানুষ সোমবার রাতে বিদ্যুৎহীন ছিল।
ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস) জানিয়েছে, মঙ্গলবারও উত্তর-পূর্ব যুক্তরাষ্ট্রের বেশির ভাগ অংশে তুষারপাত এবং বরফবৃষ্টি অব্যাহত থাকতে পারে। পরিষেবা সংস্থাটি আরও জানায়, যদিও বৃষ্টিপাত কমে আসতে পারে; তবে উত্তর মেরু থেকে প্রবাহিত শীতল বাতাস দেশটির বড় অংশে আগামী কয়েক সপ্তাহ অব্যাহত থাকবে।
এই শীতকালীন ঝড়ের কারণে ওয়াশিংটন ডিসি এলাকার ফেডারেল অফিস এবং স্থানীয় স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে।
এদিকে শীতকালীন ঝড়ের কারণে যুক্তরাষ্ট্রের কিছু অংশের সড়ক পরিস্থিতি বিপজ্জনক হয়ে উঠেছে। মিসৌরি রাজ্যে অন্তত ৩৬৫টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। যার ফলে অনেক মানুষ আহত হয়েছে এবং অন্তত একজনের মৃত্যু হয়েছে।
এ ছাড়া কানসাস, টেক্সাস, হিউস্টন ও ভার্জিনিয়াতে পৃথক যানবাহন দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
সিনিয়র আবহাওয়াবিদ ম্যাথিউ কাপুচ্চি বিবিসিকে বলেন, কানসাস শহরে ৩২ বছরের মধ্যে সবচেয়ে বেশি তুষারপাত এ বছরে হয়েছে। একই সঙ্গে তিনি সবাইকে বাড়িতে থাকার অনুরোধও করেন। সূত্র: বিবিসি
তাওফিক/