তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৯৫ জনে দাড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৩০ জন।
স্থানীয় সময় মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ৯টা ৫ মিনিটের দিকে এ ভূমিকম্প আঘাত হানে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পের কারণে তিব্বতের বিভিন্ন বাড়িঘর বিধ্বস্ত হয়েছে।
এদিকে মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল নেপালের লেবুচি থেকে প্রায় ৯৩ কিলোমিটার উত্তর-পশ্চিমে এবং রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৭ দশমিক ১। যার গভীরতা ছিল ১০ কিলোমিটার।
সকালে ভূমিকম্প আঘাত হানার পর একাধিক আফটারশকও অনুভূত হয়েছে বলে জানায় সংস্থাটি।
এ ছাড়া বাংলাদেশ, ভারত, ভুটান, নেপাল ও চীনে এ ভূমিকম্প অনুভূত হলেও সেখানে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
নেপাল ও তিব্বতের অবস্থান টেকটনিক প্লেটের সংঘর্ষস্থলে হওয়ায় এখানে প্রায়ই ভূমিকম্প হয়। এর আগে ২০১৫ সালে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে নেপালে ৮ হাজার ৯৬৪ জনের মৃত্যু হয়েছিল। সূত্র: আল-জাজিরা ও এফপি
তাওফিক/পপি/