পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে নিরাপত্তা বাহিনীর পৃথক তিনটি সন্ত্রাসবিরোধী অভিযানে ৩০ সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
শনিবার (২৫ জানুয়ারি) আইএসপিআরের এক বিবৃতির বরাতে এই তথ্য জানায় জিও নিউজ।
সেনাবাহিনীর বিবৃতিতে জানানো হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী লাক্কি মারওয়াতে একটি অভিযান পরিচালনা করে। যার ফলে ১৮ জন সন্ত্রাসী নিহত হয়েছে এবং ছয়জন আহত হয়েছে।
আরেকটি অভিযান খাইবার পাখতুনখোয়ার কারাক জেলার একটি এলাকায় পরিচালিত হয়, যেখানে আট সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে।
অন্য আরেকটি অভিযান পরিচালিত হয় খাইবার জেলার বাঘ এলাকায়, যেখানে চারজন সন্ত্রাসীকে গুলি করে হত্যা করা হয়েছে। এর মধ্যে ছিল- রিংলিডার আযিজ উর রহমান (ক্বারি ইসমাইল) এবং মুকলিস। এ ছাড়া দুইজন সন্ত্রাসী আহত হয়েছে।
আইএসপিআর জানিয়েছে, নিহত সন্ত্রাসীদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। পরিদপ্তরটি আরও জানায়, এসব সন্ত্রাসী গোষ্ঠী নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে এবং নিরীহ সাধারণ মানুষকে হত্যা করার মতো বেশ কয়েকটি সন্ত্রাসী কর্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িত ছিল।
সেনাবাহিনীর মিডিয়া উইং আরও জানিয়েছে, ‘সেনাবাহিনী সন্ত্রাসীদের নির্মূল করতে চিরুনি অভিযান পরিচালনা করছে। পাকিস্তানের নিরাপত্তা বাহিনী দেশের সন্ত্রাসবাদ নির্মূলের দৃঢ়প্রতিজ্ঞ।’
এদিকে, রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি এবং প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ নিরাপত্তা বাহিনীর এসব সফল অভিযানের জন্য তাদের সাহসিকতার প্রশংসা করেছেন। সূত্র: জিও নিউজ
তাওফিক/