ইরান নিজেদের পারমাণবিক কর্মসূচি রক্ষায় কাজ করেছে এবং ভবিষ্যতেও করতে ইতস্তত বোধ করবে না বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমায়েলি বাঘায়েই।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) ওই মন্তব্য করেন তিনি। এর এক দিন আগেই ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কর্মসূচিতে রাশ টানার প্রতিশ্রুতি ব্যক্ত করে।
বাঘায়েই বলেন, ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি চলমান রয়েছে এবং গত তিন দশক ধরেই চলছে। আর এটি করা হচ্ছে পারমাণবিক অস্ত্রের বিস্তার নিয়ন্ত্রণ চুক্তিতে (এনপিটি) ইরানের সদস্যপদের ভিত্তিতেই… আমরা এ ক্ষেত্রে কোনো ধরনের দুর্বলতা দেখাব না।
ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কর্মসূচি ও মধ্যপ্রাচ্যে দেশটির প্রভাবের লাগাম টানতে দৃঢ়প্রতিজ্ঞ। গত রবিবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জেরুজালেমে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে সাক্ষাতের পর নিজের মনোভাব ব্যক্ত করেন।
অন্যদিকে রুবিও বলেন, প্রতিটি সন্ত্রাসী গোষ্ঠীর পেছনে, সহিংসতার পেছনে, লাখো মানুষের শান্তি ও স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলার মতো কাজের পেছনে একটি অঞ্চলই রয়েছে- আর তা হলো ইরান।’ সূত্র: রয়টার্স