ব্রিটিশ রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বিবিসিকে ৩ লাখ ১৪ হাজার পাউন্ড (প্রায় ৫ কোটি টাকা) জরিমানা করেছে ভারতের আর্থিক অপরাধ দমন সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বৈদেশিক মুদ্রা আইন লঙ্ঘনের অভিযোগে ওই জরিমানা করা হয়েছে বলে গত শুক্রবার রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে।
এ ছাড়া বিবিসি ইন্ডিয়ার তিন পরিচালক জাইলস অ্যান্টনি হান্ট, ইন্দু শেখর সিনহা ও পল মাইকেল গিবনসকে ১ লাখ ৪ হাজার ৮৩৬ ব্রিটিশ পাউন্ড করে জরিমানা করা হয়।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট আইন লঙ্ঘনের অভিযোগে ২০২৩ সালের এপ্রিলে তদন্ত শুরু করে ভারতের ইডি। পরে আর্থিক অস্বচ্ছতাসংশ্লিষ্ট সন্দেহের ভিত্তিতে দিল্লি ও মুম্বাইয়ে বিবিসির অফিসে তল্লাশি চালায় ইডি।
২০০২ সালে মুখ্যমন্ত্রী থাকার সময় নরেন্দ্র মোদি (বর্তমান প্রধানমন্ত্রী) গুজরাট দাঙ্গা মোকাবিলায় যে ব্যবস্থা নিয়েছিলেন, তা নিয়ে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে বিবিসি একটি ডকুমেন্টারি প্রকাশ করে। এটি প্রকাশ করার পরপরই বিবিসিকে নিয়ে তদন্ত শুরু হয় ভারতে। পরে ভারত সরকার বিবিসির তথ্যচিত্রটিকে ‘অপপ্রচার’ আখ্যা দেয় এবং বিবিসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনে ডকুমেন্টারিটি নিষিদ্ধ করে। ওই দাঙ্গায় অন্তত এক হাজার লোক নিহত হয়েছিল।
ওই ডকুমেন্টারি প্রকাশের পর ভারতের প্রধানমন্ত্রী মোদি তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন এবং দাবি করেন দাঙ্গা মোকাবিলায় তিনি সঠিক পদক্ষেপ নিয়েছিলেন। ওই সময় তার প্রশাসনের বিরুদ্ধে নৃশংসতায় সহযোগিতা এবং অপর্যাপ্ত পদক্ষেপের অভিযোগ আনা হয়।
জরিমানার ব্যাপারে বিবিসির এক বিবৃতিতে বলা হয়েছে, তারা এ-সংক্রান্ত কোনো আদেশ এখনো পায়নি। যেকোনো আদেশ পাওয়ার পর তা সতর্কতার সঙ্গে পর্যালোচনা করা হবে এবং পরবর্তী পদক্ষেপগুলো যথাযথভাবে বিবেচনা করা হবে।
২০০২ সালের ফেব্রুয়ারিতে একটি ট্রেনে আগুন লাগলে ৫৯ জন হিন্দু তীর্থযাত্রী মারা যান। যার ফলে গুজরাট রাজ্যে মারাত্মক সহিংসতা ছড়িয়ে পড়ে। সহিংস এই দাঙ্গায় এক হাজারের বেশি লোক প্রাণ হারান এবং হাজার হাজার লোক বাস্তুচ্যুত হন। সেই সময় গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদি।