ভারত-নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে স্বাধীনতাকামী বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সংঘর্ষে দেশটির সেনাবাহিনীর এক সৈন্য সহ তিন সন্দেহভাজন স্বাধীনতাকামী নিহত হন।
শনিবার (১২ এপ্রিল) ভারতের সামরিক বাহিনীর এক বিবৃতিতে এই তথ্য জানায়।
হোয়াইট কর্পস বলছে, ভারতীয় সৈন্যরা সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করতেই এই সংঘর্ষের সূত্রপাত হয়। গত মাসেই এই অঞ্চলে সন্দেহভাজন বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে দেশটির পুলিশের চার সদস্য নিহত এবং আহত হন আরও কয়েকজন পুলিশ কর্মকর্তা।
ভারতের সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, জম্মু-কাশ্মিরের বিতর্কিত দক্ষিণ অঞ্চলের কিশতোয়ারের প্রত্যন্ত বনাঞ্চলে বুধবার বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সেনাবাহিনীর সদস্যদের সংঘর্ষ হয়। এ সময় ভারতীয় সৈন্যরা গুলি চালালে তিন বিচ্ছিন্নতাবাদী যোদ্ধা নিহত হন।
প্রেস ব্রিফিং-এ সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় দেশটির সেনাবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা ব্রিগেডিয়ার জেবিএস রাঠি বলেন, বন্দুকযুদ্ধে তিন বিচ্ছিন্নতাবাদী নিহত হন।
এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায়, ভারতীয় সেনাবাহিনীর হোয়াইট কর্পস জানায়, সংঘর্ষ স্থল থেকে অস্ত্র এবং যুদ্ধের সরঞ্জাম উদ্ধার করা হয়।
এদিকে, শুক্রবার ( ১১ এপ্রিল) গভীর রাতে জম্মু-কাশ্মিরের সুন্দরবানী জেলায় পৃথক আরেকটি সংঘর্ষের ঘটনায় দেশটির সেনাবাহিনীর এক সদস্য নিহত হন। ভারত-পাকিস্তানের ডি-ফ্যাক্টো সীমান্তের নিয়ন্ত্রণ রেখা (এলওসি) লাগোয়া এলাকায় সংঘর্ষে এই সৈন্য নিহত হন।
১৯৪৭ সালে স্বাধীনতা লাভের পর থেকে ৭৫ বছরের বেশি সময় ধরে ভারতের একমাত্র মুসলিম-সংখ্যাগরিষ্ঠ অঞ্চল জম্মু ও কাশ্মির নিয়ে প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে বিবাদ চলমান। দুই দেশই কাশ্মিরের পূর্ণ মালিকানা দাবি করে। এমনকি এই অঞ্চলের নিয়ন্ত্রণের নিয়ে অতীতে তিনবার যুদ্ধে জড়িয়েছে দেশ দুটি। সূত্র:এএফপি
সুলতানা দিনা