পাকিস্তান মাঝারি পাল্লার একটি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা শেষ করেছে।
শনিবার (৩ মে) পাকিস্তান সামরিক বাহিনীর মিডিয়া উইং জানায়, পাকিস্তান ‘আবদালি’ নামে এই ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করেছে, যা ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য একটি ক্ষেপণাস্ত্র। এর পাল্লা ৪৫০ কিলোমিটার।
পাক সেনার ‘সিন্ধু’ নামক মহড়ায় ক্ষেপণাস্ত্রটির সফল উৎক্ষেপণ করা হয়।
পাকিস্তানের আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, এই উৎক্ষেপণের লক্ষ্য ছিল সৈন্যদের যুদ্ধের প্রস্তুতি নিশ্চিত করা এবং ক্ষেপণাস্ত্রের উন্নত নেভিগেশন সিস্টেম ও উন্নত বৈশিষ্ট্যসহ গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত বিষয়গুলোর যথার্থতা যাচাই করা।
সফল উৎক্ষেপনের পর পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল সাহির শামশাদ মির্জা এবং সার্ভিস প্রধানরা অংশগ্রহণকারী সৈন্য, বিজ্ঞানী এবং প্রকৌশলীদের অভিনন্দন জানিয়েছেন।
বিবৃতিতে আরও বলা হয়, তারা বিশ্বাসযোগ্য ন্যূনতম প্রতিরোধ নিশ্চিত করতে এবং যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা সুরক্ষায় পাকিস্তানের কৌশলগত বাহিনীর যুদ্ধ প্রস্তুতি এবং কারিগরি দক্ষতায় আস্থা প্রকাশ করেছেন।
ভারতের জম্মু-কাশ্মীরের পাহেলগামে মারাত্মক হামলার পর নয়াদিল্লির আক্রমণাত্মক পদক্ষেপের মধ্যে পরমাণু শক্তিধর পাকিস্তান ও ভারতের মধ্যে উত্তেজনা বেড়ে যাওয়ায় এই পরীক্ষা চালানো হয়।
পাহেলগামে ২২ এপ্রিলের হামলায় ২৬ জন নিহত হয়েছেন। এদের বেশিরভাগই পর্যটক।
এর আগে গত বছরের আগস্টে পাকিস্তান শাহীন-২ ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করেছে। সূত্র: ডন
অমিয়/