ভারতের গৌতম আদানির কোম্পানি আদানি পাওয়ারকে প্রায় ১ দশমিক ২ বিলিয়ন ডলার (প্রায় ১৪,৬০০ কোটি টাকা) পরিশোধ করেছে বাংলাদেশ সরকার।
২০১৭ সালে আদানি পাওয়ার এবং বাংলাদেশ সরকারের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়। এর আওতায় আদানি পাওয়ারকে ২৫ বছর ধরে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করতে হবে। এই চুক্তির পর বাংলাদেশ সরকারের কাছে আদানি পাওয়ারের পাওনা দাঁড়িয়েছিল প্রায় ২ বিলিয়ন ডলার।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার ফলে আমদানি ব্যয় বৃদ্ধি এবং ডলারসংকটের কারণে আদানির বকেয়া বিল পরিশোধে বিলম্ব হয়। গত বছরের আগস্টে রাজনৈতিক অস্থিরতা এবং শেখ হাসিনা সরকারের পতন-পরবর্তী পরিস্থিতিতে আদানি পাওয়ারের বকেয়া বিলের পরিমাণ বাড়ে। এই বকেয়ার কারণে আদানি পাওয়ার বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ অর্ধেক করে দেয়। ফলে শুরু হয় বিদ্যুৎ-সংকট।
এ অবস্থায় বকেয়া মেটানোর প্রক্রিয়া শুরু করে বাংলাদেশ। ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, বাংলাদেশ এখন পর্যন্ত আদানি পাওয়ারের বকেয়া বিল বাবদ ১ দশমিক ২ বিলিয়ন ডলার পরিশোধ করেছে। সেই সঙ্গে বর্তমানে বাংলাদেশ আদানি পাওয়ারকে মাসিক বিলিংয়ের পরিমাণের চেয়ে বেশি অর্থ দিচ্ছে।
আদানি পাওয়ারের প্রধান আর্থিক কর্মকর্তা দিলীপ ঝা গত বৃহস্পতিবার বলেছেন, ‘আমরা এখন বাংলাদেশে সক্ষমতার পুরোপুরি বিদ্যুৎ সরবরাহ করছি। আমরা এখন যে পেমেন্ট পাচ্ছি তা মাসিক বিলিংয়ের পরিমাণের চেয়ে বেশি।’ একই সঙ্গে তিনি বলেন, ‘আমরা আশা করি, এখন মাসিক বিল পরিশোধের টাকা দেওয়ার পাশাপাশি আগের বকেয়াও পরিশোধ করা হবে।’
জানা গেছে, বাংলাদেশকে এখনো ৯০০ মিলিয়ন ডলার বা ১১ হাজার কোটি টাকার বকেয়া বিল পরিশোধ করতে হবে। আদানি পাওয়ারের আশা, বাংলাদেশ পুরো বকেয়াই পরিশোধ করবে।