ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে এক সাক্ষাৎকারে ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এর জ্যেষ্ঠ জেনারেল এবং ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সদস্য মোহসেন রেজাই বলেছেন, ‘পাকিস্তান ইরানকে আশ্বস্ত করেছে যে, ইসরাইল ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করে, তাহলে পাকিস্তানও পারমাণবিক হামলার মাধ্যমে প্রতিশোধ নেবে।’
এই সাক্ষাৎকারে রেজাই বলেন, ‘পাকিস্তান আমাদের বলেছে যে যদি ইসরায়েল পারমাণবিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে, তাহলে আমরাও পারমাণবিক অস্ত্র দিয়ে আক্রমণ করব।’
পাকিস্তানের শাহীন-৩ ক্ষেপণাস্ত্র ২,৭০০ কিলোমিটার পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম, যা পাকিস্তানকে ইসরায়েলের যেকোনো লক্ষ্যবস্তুতে আঘাত করার ক্ষমতা দেয়। পাকিস্তানি সামরিক বাহিনী এটি মোতায়েনের বিষয়ে কোনও মন্তব্য না করলেও শাহীন-৩ বর্তমানে পাকিস্তান সেনাবাহিনীর কৌশলগত কমান্ডে কার্যকর আছে বলে মনে করা হয়।
তবে, ইসরায়েলি হামলার মধ্যে ইরানের প্রতি পাকিস্তানের জোরালো মৌখিক সমর্থন সত্ত্বেও, ইসরায়েলের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের কোনও ইচ্ছা থেকে পাকিস্তানের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক বিবৃতিতে সেটি এখনওনিশ্চিত করা হয়নি।
ইরান ও ইসরায়েলের হামলা ও পাল্টা হামলায় উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। শুক্রবার ( ১৩ জুন) ভোরে তেহরানসহ ইরানের বেশ কিছু স্থানে পারমাণবিক ও সামরিক স্থাপনায় ইসরায়েল বিমান হামলা চালায়।
পরে তীব্র শক্তি নিয়ে ইসরায়েলে পাল্টা হামলা চালায় ইরানও। দফায় দফায় এই হামলা ও পাল্টা হামলার মধ্যেই শঙ্কা বাড়ছে ইসরায়েলের পারমাণবিক হামলার। এই পরিস্থিতিতে ইসরায়েল ইরানে পারমাণবিক হামলা করলে পাকিস্তানও পরমাণু বোমা ব্যবহার করবে বলে দাবি করলেন ইরানের এই শীর্ষ সেনা কর্মকর্তা।
সোমবার (১৬ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
বিশ্বের মাত্র ৯টি দেশের কাছে বর্তমানে পারমাণবিক অস্ত্র আছে এবং ইসরায়েল ও পাকিস্তান উভয়ই সেই তালিকায় রয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক পরমাণু নিরস্ত্রীকরণ সংস্থা আইসিএএন।
এনডিটিভির এই প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিষয়ে ইরানকে দেওয়া পাকিস্তানের এই আশ্বাসকে সরাসরি সামরিক প্রতিশ্রুতি না বলে কূটনৈতিক সমর্থন হিসেবে দেখা হচ্ছে। কারণ এই সংঘাত শুধু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ নয়, যুক্তরাষ্ট্র, ইউরোপ ও এশিয়ার অনেক দেশ এতে কৌশলগতভাবে জড়িত।
অন্যদিকে,যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তিনি ইসরায়েল ও ইরানের মধ্যে একটি চুক্তির চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে তিনি ইরানকে হুঁশিয়ার করে বলেন, ‘যদি তারা যুক্তরাষ্ট্রকে আঘাত করে, তাহলে মার্কিন সেনাবাহিনী এমন শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়বে যা ইতিহাসে আগে কখনও দেখা যায়নি।’
এদিকে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এক অনলাইন পোস্টে বলেন, ‘ইসরায়েলের পারমাণবিক ক্ষমতা নিয়ে পশ্চিমাদের চিন্তা করা উচিত। কারণ এই সংঘাত শুধু একটি অঞ্চল নয়, পুরো বিশ্বকে বিপদে ফেলতে পারে। ইসরায়েল একটি বেপরোয়া রাষ্ট্র, যাকে সমর্থন করে পশ্চিমা দুনিয়া ভয়াবহ ভুল করছে।’
সুলতানা দিনা/