পেরুর উত্তরাঞ্চলের বারাঙ্কা প্রদেশে এক প্রাচীন শহরের সন্ধান পেয়েছেন প্রত্নতত্ত্ববিদরা। ‘পেনিকো’ নামের এই শহরটি প্রায় ৩৫০০ বছরের পুরোনো বলে মনে করা হচ্ছে যেটিকে আমেরিকার প্রাচীনতম সভ্যতা হিসেবে ধরা হচ্ছে।
রবিবার (৬ জুলাই) পৃথক দুই প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এবং রয়টার্স।
বিশেষজ্ঞদের মতে, পেনিকো ছিল এক গুরুত্বপূর্ণ বাণিজ্যকেন্দ্র, যা প্রশান্ত মহাসাগরের উপকূলীয় জনগোষ্ঠীকে আন্দিজ পর্বতমালা এবং আমাজন জঙ্গলের সঙ্গে সংযুক্ত করত। শহরটি রাজধানী লিমা থেকে প্রায় ২০০ কিলোমিটার উত্তর দিকে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে ৬০০ মিটার (প্রায় ২০০০ ফুট) উঁচুতে অবস্থিত। এটিকে খ্রিস্টপূর্ব ১,৮০০ থেকে ১,৫০০ অব্দের মধ্যকার একটি সভ্যতা বলে মনে করা হয়।
ধারণা করা হয়, এটি ১,৮০০ থেকে ১,৫০০ খ্রিস্টপূর্বাব্দের মধ্যে গড়ে উঠেছিল। এসময় মধ্যপ্রাচ্য এবং এশিয়ায় প্রাথমিক সভ্যতাগুলো বিকশিত হচ্ছিল।
টানা আট বছরের গবেষণার পর ১৮টি স্থাপনা আবিষ্কৃত হয়েছে যার মধ্যে রয়েছে মন্দির এবং আবাসিক কমপ্লেক্স। এই ভবনগুলোতে বিভিন্ন জিনিসপত্র যেমন-মানুষ ও প্রাণীর মূর্তির মাটির ভাস্কর্য এবং পুঁতি ও সমুদ্রের খোলস দিয়ে তৈরি নেকলেস সহ বিভিন্ন জিনিসপত্রও আবিষ্কৃত হয়েছে।
গবেষকরা বলছেন, এই আবিষ্কার আমেরিকার প্রাচীনতম সভ্যতা ‘কারাল’ সম্পর্কে নতুন ধারণা দিতে পারে। বিশেষত, এই সভ্যতা জলবায়ু পরিবর্তনের কারণে ধ্বংস হওয়ার পর কী হয়েছিল, তা বোঝার ক্ষেত্রে এটি খুব গুরুত্বপূর্ন।
কারাল শহরে রয়েছে ৩২টি স্মৃতিস্তম্ভ, যার মধ্যে রয়েছে বিশাল পিরামিড আকৃতির স্থাপনা, উন্নত সেচব্যবস্থা এবং প্রাচীন নগর জীবনযাপন। বিশ্বাস করা হয়, এই সভ্যতা ভারত, মিসর, সুমের এবং চীনের মতো প্রাচীন সভ্যতাগুলোর সঙ্গে কোনো সংযোগ ছাড়াই নিজস্বভাবে গড়ে উঠেছিল।
আমেরিকা মহাদেশের অনেক গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক আবিষ্কার পেরুতে পাওয়া গেছে। এর মধ্যে রয়েছে আন্দিজ পর্বতমালার মাচু পিচ্চুর ইনকা দুর্গ এবং দক্ষিণ পেরুর মরুভূমিতে খোদাই করা রহস্যময় নাজকা রেখা।
সুলতানা দিনা/