চায়নিজ রোবোটিক্স স্টার্ট-আপ মিরর মি-এর তৈরি রোবট কুকুর ব্ল্যাক প্যান্থার টু (দ্বিতীয় সংস্করণ) অনানুষ্ঠানিকভাবে ১০০ মিটার স্প্রিন্টে দৌড়ের রেকর্ড গড়েছে। রোবটটির হালকা ওজনের নির্মাণ এবং এআই এটি সম্ভব করেছে।
রবিবার (৬ জুলাই) চীনের রাষ্ট্রীয় টেলিভিশন, চায়না সেন্ট্রাল টেলিভিশনে এই ঘটনা সরাসরি সম্প্রচার করা হয়। এ সময় অ্যাথলেটিক ট্র্যাকে দর্শকদের সামনে রোবট কুকুরটি ১০০ মিটার স্প্রিন্টের জন্য মাত্র ১৩.১৭ সেকেন্ড সময় নেয়।
প্যান্থার টু-এর এই গতি বিশ্বের দ্রুততম মানুষ হিসেবে খেতাবপ্রাপ্ত স্প্রিন্টার উসাইন বোল্টের গতির প্রায় কাছাকাছি।
চায়নিজ সংবাদমাধ্যম সিজিটিএন এই খবর জানায়।
২০২৩ সালের পূর্ববর্তী আনুষ্ঠানিকভাবে স্বীকৃত গিনেস রেকর্ডটি ১৯.৮৭ সেকেন্ড এবং এটি দক্ষিণ কোরিয়ান কোরিয়া অ্যাডভান্সড ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির (KAIST) রোবট কুকুর হাউন্ডের দখলে ছিল।
এছাড়া, এটি মার্কিন প্রতিষ্ঠান বোস্টন ডায়নামিক্সের ওয়াইল্ডক্যাট রোবটের রেকর্ডও ভেঙেছে।
মাত্র ৩৮ কেজি ওজনের ৬৩ সেন্টিমিটার উচ্চতার রোবটটি ১০ সেকেন্ডের মধ্যেই ১০ মিটার/সেকেন্ড গতিতে পৌঁছায়। যেখানে উসাইন বোল্ট ১০০ মিটার স্প্রিন্টে ৯ দশমিক ৫৮ সেকেন্ড সময় নিয়ে বিশ্বরেকর্ড করেছিলেন। সে সময় তার গতি ছিল ১০ দশমিক ৪৪ মিটার/সেকেন্ড।
রেকর্ডটি তৈরি হয় চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) আয়োজিত বিশ্ব রোবট প্রতিযোগিতার রোবোটিক ডগ মিশন শো-তে। একই মঞ্চে এক্সটি৭০ নামের আরেকটি রোবট কুকুর উদ্ধার অভিযানে সক্ষমতা প্রদর্শন করে দর্শকদের চমকে দেয়।
প্রকল্পটির পেছনে রয়েছে চ্যচিয়াং ইউনিভার্সিটির হিউম্যানয়েড ইনোভেশন ইনস্টিটিউট এবং হাংচৌ-ভিত্তিক স্টার্ট-আপ মিরর-মি’র যৌথ গবেষণা। সম্প্রতি ব্ল্যাক প্যান্থারের পায়ে কার্বন ফাইবার যুক্ত করে এর শক্তি ও স্থিতিস্থাপকতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়েছে।
সুলতানা দিনা/