ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দ্ব্যর্থ কণ্ঠে জানিয়েছেন, ইরান ইসরায়েলের বিরুদ্ধে যেকোনো যুদ্ধের জন্য প্রস্তুত। এমনকি, দুই দেশের মধ্যকার চলমান যুদ্ধবিরতি নিয়েও তিনি খুব একটা আশাবাদী নন। তবুও ইরান নিজেদের পরমাণু কর্মসূচি বন্ধ করবে না।
বুধবার (২৩ জুলাই) আল-জাজিরায় প্রচারিত একটি বিশেষ সাক্ষাৎকারে পেজেশকিয়ান এসব মন্তব্য করেন। গত মাসে ইসরায়েলের সঙ্গে ১২ দিনের সংঘাতের পর এটি তার প্রথম সাক্ষাৎকার।
এই মন্তব্য এমন এক সময়ে এল, যখন পশ্চিমা দেশগুলো সংঘাতের পর ইরানের পারমাণবিক সংকটের সমাধানের পথ খুঁজছে। পেজেশকিয়ান আল-জাজিরাকে বলেন, ‘ইসরায়েলের যেকোনো নতুন সামরিক পদক্ষেপের জন্য আমরা পুরোপুরি প্রস্তুত এবং আমাদের সশস্ত্র বাহিনী ইসরায়েলের গভীরে আবারও আঘাত হানতে প্রস্তুত।’
তিনি আরও জানান, ১২ দিনের যুদ্ধের সমাপ্তি ঘটানো যুদ্ধবিরতির ওপর ইরান নির্ভর করছে না। আমরা এ বিষয়ে খুব একটা আশাবাদী নই। এ কারণেই আমরা যেকোনো সম্ভাব্য পরিস্থিতি এবং যেকোনো সম্ভাব্য প্রতিক্রিয়ার জন্য নিজেদের প্রস্তুত করেছি। ইসরায়েল আমাদের ক্ষতি করেছে এবং আমরাও তাদের ক্ষতি করেছি। তারা আমাদের ওপর শক্তিশালী আঘাত হেনেছে এবং আমরাও তাদের গভীরে কঠিন আঘাত করেছি, যদিও তারা তাদের ক্ষয়ক্ষতি গোপন করছে।’
তিনি আরো যোগ করেন, ইসরায়েলের হামলায় শীর্ষস্থানীয় সামরিক ব্যক্তিত্ব ও পারমাণবিক বিজ্ঞানী নিহত হয়েছেন এবং পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই হামলার উদ্দেশ্য ছিল ইরানের নেতৃত্বকে ‘নির্মূল’ করা, ‘কিন্তু তারা তা করতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে।’
গত ২৪ জুন যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগে ইরানে ৯ শতাধিক মানুষ নিহত হয়, যাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক বেসামরিক নাগরিক। ইসরায়েলের দাবি, ইরানের হামলায় অন্তত ২৮ ইসরায়েলি নিহত হয়েছেন।
পেজেশকিয়ান আরও জানান, আন্তর্জাতিক বিরোধিতা সত্ত্বেও ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি চালিয়ে যাবে। ইরানের পারমাণবিক সক্ষমতার উন্নয়ন ‘আন্তর্জাতিক আইনের কাঠামো’ অনুসারে সম্পন্ন হবে।
ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, ‘আমরা কূটনীতিতে বিশ্বাস করি, তাই যেকোনো ভবিষ্যৎ আলোচনাকে অবশ্যই একটি জয়-জয় যুক্তির ভিত্তিতে হতে হবে এবং আমরা কোনো হুমকি বা আদেশ মেনে নেব না।’
তিনি আরও বলেন, ‘আমাদের পরমাণু কর্মসূচি শেষ হয়ে গেছে’—ট্রাম্পের এই দাবি ‘কেবলই বিভ্রম।’ তার মতে, ‘আমাদের পারমাণবিক সক্ষমতা আমাদের বিজ্ঞানীদের মন-মস্তিষ্কে, স্থাপনায় নয়।’
সুলতানা দিনা/