ভারতের উত্তরপ্রদেশ রাজ্য সরকার জানিয়েছে, যদি কোনো কুকুর মানুষকে একবারও বিনা উসকানিতে কামড়ায়, তাহলে সেই কুকুরকে ১০ দিন পশু কেন্দ্রে রাখা হবে। তবে যদি একই কুকুর এই ঘটনার পুনরাবৃত্তি করে, তবে তাকে আজীবন সেই কেন্দ্রে রাখা হবে, অর্থাৎ কুকুরের ‘যাবজ্জীবন কারাদণ্ড’ হবে।
মুক্তির উপায়:
কোনো ব্যক্তি যদি কুকুরটিকে দত্তক নিতে রাজি হয় এবং স্বাক্ষরিত হলফনামা জমা দেয় যে কুকুরকে আর রাস্তায় ছাড়া হবে না, তখনই কুকুর এই শাস্তি থেকে মুক্তি পাবে।
সরকারি নির্দেশনা ও কার্যক্রম:
প্রধান সচিব অমৃত অভিজাত গত ১০ সেপ্টেম্বর সব গ্রামীণ ও নগর সংস্থাকে আক্রমণাত্মক কুকুর ব্যবস্থাপনার নির্দেশ দিয়েছেন।
যদি কোনো ব্যক্তি কামড়ানোর পরে জলাতঙ্ক প্রতিরোধী টিকা গ্রহণ করেন, তখন ঘটনা তদন্ত করা হবে। এরপর কুকুরকে কাছের পশু জন্ম নিয়ন্ত্রণ কেন্দ্রে নিয়ে যাওয়া হবে।
প্রয়াগরাজ পৌর করপোরেমনের পশুচিকিৎসা কর্মকর্তা ডা. বিজয় অমৃত রাজ বলেন, “কুকুর কেন্দ্রে পৌঁছালে, যদি আগে জীবাণুমুক্ত করা না হয়ে থাকে, তাহলে তা করা হবে। এরপর ১০ দিনের জন্য পর্যবেক্ষণে রাখা হবে এবং আচরণ লক্ষ্য করা হবে।”
তিনি আরও জানান, “ছেড়ে দেওয়ার আগে কুকুরের শরীরে মাইক্রোচিপ বসানো হবে, যাতে তার সব তথ্য রাখা যায় এবং অবস্থান শনাক্ত করা সম্ভব হয়। ১০ দিনের পর্যবেক্ষণের পরও যদি একই কুকুর উসকানি ছাড়া দ্বিতীয়বার কাউকে কামড়ায়, তবে তাকে আজীবন জন্য পশু কেন্দ্রে রাখা হবে।” সূত্র: টাইমস নাউ
মেহেদী/