মালয়েশিয়ার সাবাহ রাজ্যে প্রবল বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভূমিধসে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। দেশটির সংবাদমাধ্যমগুলো গতকাল মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।
বন্যার কারণে রাজধানী কোটা কিনাবালুসহ নিচু এলাকার ২ হাজারেরও বেশি বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে উদ্ধারকারী সংস্থাগুলো।
নিউ স্ট্রেইটস টাইমসের খবর বলছে, সবচেয়ে ভয়াবহ ঘটনা ঘটেছে গত সোমবার। রাজধানীর উপকণ্ঠে একটি অস্থায়ী বসতিতে ভূমিধসের ধ্বংসাবশেষ আঘাত হানে। এতে চার শিশুসহ আটজন প্রাণ হারান।
কোটা কিনাবালু থেকে প্রায় ১০০ কিলোমিটার পূর্বে গানা এলাকায় আরেকটি ভূমিধসে তিনজন মারা যান। এদের মধ্যে ১০ বছর বয়সী একটি মেয়েও রয়েছে। এ ছাড়া গত সপ্তাহে পেনামপাং-এ ৯৭ বছর বয়সী এক বৃদ্ধ কাদার নিচে চাপা পড়ে মারা যান।
কুয়ালালামপুর থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, ১০ দিন ধরে উত্তর-পূর্ব বোর্নিও দ্বীপের সাবাহ অঞ্চলে টানা ভারী বর্ষণ হচ্ছে। যার ফলে নিচু এলাকাগুলো প্লাবিত হয়েছে, ভূমিধস ঘটেছে এবং বহু বাড়িঘর ও অবকাঠামোর ক্ষয়ক্ষতি হয়েছে। সূত্র: এএফপি