ভবিষ্যতে অ্যামাজন রোবটের ব্যবহার আরও বাড়ানোর পরিকল্পনা করছে। সিয়াটলভিত্তিক এই কোম্পানি প্রায় পাঁচ লাখের বেশি কর্মীর কাজ রোবট দিয়ে প্রতিস্থাপন করতে চায়। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে এ তথ্য প্রকাশ পায়।
বর্তমানে অ্যামাজন যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম নিয়োগদাতা প্রতিষ্ঠান। বিশ্বব্যাপী যাদের প্রায় ১৫ লাখ কর্মী আছে। করোনা মহামারির সময় অনলাইন কেনাকাটার চাহিদা বাড়ায় কোম্পানিটি নিয়োগ বাড়িয়েছিল। তবে আগামী বছরগুলোতে নিয়োগ ব্যাপকভাবে কমানোর পরিকল্পনা সত্ত্বেও অ্যামাজন আশা করছে, ২০৩৩ সালের মধ্যে তাদের বিক্রির পরিমাণ দ্বিগুণ হবে।
নিউইয়র্ক টাইমস জানিয়েছে, নিয়োগ বা সম্ভাব্য ছাঁটাইয়ের প্রভাব কমাতে কোম্পানিটি বড় জনসংযোগ প্রচারণা পরিকল্পনা করছে। দেখা গেছে, অ্যামাজন 'অটোমেশন', 'এআই' ও 'রোবট' শব্দগুলোর পরিবর্তে 'অ্যাডভান্সড টেকনোলজি' ও 'কোবট' (অর্থাৎ মানুষের সঙ্গে কাজ করা রোবট) শব্দ ব্যবহার করতে চায়।
তারা জোরালোভাবে প্রচার করতে চায়, রোবট পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য নতুন প্রযুক্তিনির্ভর চাকরি তৈরি হচ্ছে। তবে এই নতুন চাকরিগুলোর জন্য প্রশিক্ষণ প্রয়োজন এবং তাতে কম সংখ্যক মানুষই যুক্ত থাকবে।
এসএন/