ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। নিজ দেশের জলসীমার পশ্চিমাংশে ওই পরীক্ষা চালায় তারা। এমন একটি সময় তারা এ পরীক্ষা চালাল, যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ কোরিয়া সফর করছেন। পরীক্ষা সফল হওয়ার কথা নিশ্চিত করেছে পিয়ংইয়ং।
বুধবার (২৯ অক্টোবর) দক্ষিণ কোরিয়ায় পা রাখেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে দেশটির প্রেসিডেন্ট লি জে মিয়ংয়ের সঙ্গে বৈঠক করেন তিনি।
আজ বৃহস্পতিবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে ট্রাম্পের। বিবিসির খবর বলছে, পরীক্ষাটি সম্ভবত উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্রভাণ্ডারকে বৈধতা দেওয়ার একটি ছোট পদক্ষেপ হিসেবে করা হয়েছে।
উত্তর কোরিয়ায় রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমের বরাতে জানা গেছে, ক্ষেপণাস্ত্রগুলো সরাসরি উপরের দিকে উৎক্ষেপণ করা হয়, যা প্রায় ৭ হাজার ৮০০ সেকেন্ড গতিতে আকাশে উড়েছে।
এবারের এশিয়া সফরে চীনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের বৈঠকের বিষয়টি নিশ্চিত হলেও উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের সঙ্গে বৈঠকের কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। ট্রাম্প শুরুতে কিমের সঙ্গে বৈঠকের সদিচ্ছা প্রকাশ করলেও গতকাল বিবিসি এক প্রতিবেদনে জানায়, সময় মেলাতে না পারায় ট্রাম্পের সঙ্গে কিমের বৈঠক হবে না এবার। বিষয়টি স্বয়ং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টই নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ‘আমি কিম জং উনকে ভালোভাবে চিনি… কিন্তু আমরা সত্যিই সময় করে উঠতে পারব না।’
যুক্তরাষ্ট্র ও চীন বিশ্বের সবচেয়ে বড় দুটি অর্থনৈতিক শক্তির দেশ। মার্কিন শুল্ক আরোপ ইস্যুতে কয়েক মাস ধরে শক্তিধর দেশ দুটির মধ্যে টানাপড়েন চলছে। এমন অবস্থার মধ্যে শক্তিধর দুই দেশের শীর্ষ নেতাদের বৈঠক হওয়ার খবরটি এশিয়াসহ গোটা বিশ্বেই বেশ গুরুত্ব পাচ্ছে।
ট্রাম্প এরই মধ্যে বলেছেন, জিনপিংয়ের সঙ্গে তার বৈঠকে অনেক সমস্যার সমাধান হবে বলে মনে করছেন তিনি। এদিকে, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ট্রাম্প ও জিনপিংয়ের বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। এতদিন বৈঠকের বিষয়টি শুধুই একতরফাভাবে হোয়াইট হাউস জানিয়েছিল। সূত্র: বিবিসি, আল-জাজিরা