নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি আবারও হুঁশিয়ারি দিয়েছেন যে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শহরটিতে এলে তাকে গ্রেপ্তার করা হবে।
তার সেই কথার প্রেক্ষিতে এবার শহরটির গভর্নর ক্যাথি হোচুল জানিয়েছেন, জোহরান মামদানির বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেফতার করার এখতিয়ার নেই বলে ।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
আসছে বছরের ১ জানুয়ারি নিউইয়র্ক সিটির মেয়র হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিতে যাচ্ছেন মামদানি। তবে মেয়র নির্বাচিত হওয়ার আগেই দীর্ঘদিন ধরেই তিনি ইসরাইল নিয়ে ফিলিস্তিনের পক্ষে কঠোর অবস্থানের জন্য পরিচিত। তার এই মনোভাব অনেক ইহুদি নাগরিককে উদ্বিগ্ন করেছে। তিনি বরাবরই বলে আসছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নিউইয়র্ক সফরে আসলে তিনি তাকে গ্রেফতার করবেন।
গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে মামদানির নেতানিয়াহুকে গ্রেপ্তারের প্রতিশ্রুতি নিয়ে ইসরায়েলপন্থি হোচুলকে প্রশ্ন করা হলে তিনি জানান, তিনি মামদানির এ পরিকল্পনার সঙ্গে একমত নন এবং ‘নিউইয়র্ক সিটির মেয়রের এ ধরনের ক্ষমতা নেই’।
এদিকে, মামদানি দাবি করেন, আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) নেতানিয়াহুর বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তার ভিত্তিতে তাকে তিনি গ্রেপ্তার করা হবে। কিন্তু বাস্তবতা হচ্ছে, আইসিসির যুক্তরাষ্ট্রে কোনো এখতিয়ার নেই, উপরন্তু মার্কিন ফেডারেল আইন স্থানীয় সরকারকে আদালতটির সঙ্গে সহযোগিতা করা নিষিদ্ধ করে।
আরেকটি ফেডারেল আইন বিদেশি রাষ্ট্রপ্রধানসহ কূটনৈতিক কর্মকর্তাদের আটক বা কাজে বিঘ্ন ঘটানোও অপরাধ হিসেবে গণ্য করে। তাছাড়া, আইন বিশেষজ্ঞরাও বলছেন, নেতানিয়াহুকে গ্রেফতারের মামদানির হুমকির কোনো আইনগত ভিত্তি নেই।
সুলতানা দিনা/