ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সামাজিক মাধ্যম এক্স-কে ১২ কোটি ইউরো (১৪ কোটি ডলার) জরিমানা করায় প্ল্যাটফর্মটির মালিক যুক্তরাষ্ট্রের প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক ইইউ ভেঙে দেয়ার আহ্বান জানিয়েছেন। বলেছেন, ইইউকে ‘বিলুপ্ত’করা উচিত। এএফপির খবর।
ইইউইয়ের ডিজিটাল সার্ভিস অ্যাক্ট (ডিএসএ) লঙ্ঘনের অভিযোগে শুক্রবার এক্স-কে ১২ কোটি ইউরো (১৪ কোটি ডলার) জরিমানা করা হয়।
ডিএসএ-এর আওতায় এক্স-এর বিরুদ্ধে এটা ইউরোপীয় কমিশনের প্রথম জরিমানা।
ইউরোপীয় কমিশনের দাবি, টাকা দিয়ে ব্লু-টিক কেনার সুযোগ দেয়া ব্যবহারকারীদের বিভ্রান্ত করছে। কারণ এক্ষেত্রে এক্স বাবহারকারীর প্রকৃত পরিচয় যাচাই করছে না। কমিশন বলছে, এ ধরনের ব্লু-টিক প্রতারণা, ছদ্মবেশী অ্যাকাউন্ট, স্ক্যাম ও নানা ধরনের অপব্যবহারের সুযোগ তৈরি করে।
জরিমানা ঘোষণার পরই ক্ষুদ্ধ প্রতিক্রিয়া জানান মাস্ক। এক্স-এ এক পোস্টে তিনি লেখেন, ‘ইইউ বিলুপ্ত হওয়া উচিত। ক্ষমতা ফিরে যাওয়া উচিত সদস্য রাষ্ট্রগুলোর হাতে, যাতে সরকারগুলো তাদের জনগণকে ভালোভাবে প্রতিনিধিত্ব করতে পারে।
এক ব্যবহারকারী তার মন্তব্য পুনরায় পোস্ট করলে মাস্ক জবাব দেন, আমি সিরিয়াস। মজা করছি না। আরেক পোস্টে মাস্ক লেখেন, আমি ইউরোপকে ভালোবাসি, কিন্তু ইইউর মতো আমলাতান্ত্রিক দানবকে নয়।
এদিকে, এক্সকে জরিমানা করার সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে যুক্তরাষ্ট্রও। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ‘ইইউ শুধু এক্স–কে টার্গেট করেনি—সব আমেরিকান টেক কোম্পানি ও আমেরিকানদের ওপর আক্রমণ করেছে। রুবিওর এই বক্তব্য রিটুইট (রিপোস্ট) করে মাস্ক ‘অ্যাবসোলিউটলি’ লিখে সমর্থন জানান।
সুলতানা দিনা/