ইউক্রেনে যুদ্ধ অবসানের লক্ষ্যে আবু ধাবিতে রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় বৈঠক শেষ হয়েছে। এএফপি বার্তা সংস্থাকে এ তথ্য জানিয়েছেন ইউক্রেনের এক আলোচক। তবে বৈঠক থেকে তাৎক্ষণিকভাবে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা স্পষ্ট অগ্রগতি হয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানানো হয়নি।
রাশিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা রিয়া নভোস্তি জানিয়েছে, বৈঠক শেষে রুশ প্রতিনিধিদল নিজ নিজ হোটেলে ফিরে গেছে, আর যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল বিমানবন্দরের উদ্দেশে রওনা দিয়েছে।
এদিকে রয়টার্সের বরাতে জানা গেছে, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আবু ধাবির এই বৈঠক শেষ হলেও ইউক্রেনের সঙ্গে আরও আলোচনায় বসতে প্রস্তুত রয়েছে মস্কো।
রাশিয়ার তাস বার্তা সংস্থাকে উদ্ধৃত করে এক অজ্ঞাত সূত্র দাবি করেছে, আলোচনায় কিছু ফল পাওয়া গেছে, যদিও সে বিষয়ে বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, বৈঠক শেষে তিনি ইউক্রেনের আলোচক দলের কাছ থেকে প্রতিবেদন পেয়েছেন এবং আলোচনাগুলোকে তিনি ‘গঠনমূলক’ বলে মনে করছেন।
তার ভাষ্য অনুযায়ী, আলোচনার মূল কেন্দ্রবিন্দু ছিল যুদ্ধ অবসানের সম্ভাব্য কাঠামো ও শর্তাবলি।
জেলেনস্কি আরও জানান, ইউক্রেন এই আলোচনা চালিয়ে যেতে প্রস্তুত এবং তা ‘সম্ভবত আগামী সপ্তাহেই’ আবার শুরু হতে পারে।
তিনি ইঙ্গিত দেন, আগামী কয়েক দিনের মধ্যেই ভবিষ্যতে নতুন করে বৈঠক হতে পারে।
যদিও বৈঠকের বিস্তারিত বিষয় প্রকাশ করা হয়নি, তবে জানা গেছে ডনবাস অঞ্চলের বিতর্কিত এলাকাগুলোর ভবিষ্যৎ এবং ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়ে আলোচনার কথা ছিল।
এদিকে সংযুক্ত আরব আমিরাতের এক সরকারি মুখপাত্র রয়টার্সকে জানিয়েছেন, আবু ধাবিতে অনুষ্ঠিত রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা যুক্তরাষ্ট্র প্রস্তাবিত শান্তি কাঠামোর কিছু অমীমাংসিত বিষয়কে কেন্দ্র করে হয়েছে। ফলাফল সম্পর্কে বিস্তারিত কিছু না জানালেও তিনি বলেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সরাসরি এই সংলাপ ‘গঠনমূলক ও ইতিবাচক পরিবেশে’ অনুষ্ঠিত হয়েছে। সূত্র: আল জাজিরা
মাহফুজ/