নেপালের সর্বশেষ ভোট গণনায় ১০১টি আসনে এগিয়ে থেকে বিশাল জয়ের পথে রয়েছেন রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির (RSP) বালেন্দ্র শাহ। এমনকি সিপিএন-ইউএমএল (CPN-UML) চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির নিজের নির্বাচনি এলাকা ঝাপা-৫-এ অলির চেয়ে ব্যবধান আরও বাড়িয়ে নিয়েছেন শাহ।
বালেন্দ্র শাহ-এর এই রাজনৈতিক উত্থানকে ‘জেন-জি’ (Gen Z) বা তরুণ প্রজন্মের সমর্থনপুষ্ট হিসেবে দেখা হচ্ছে। গত বছরের তরুণদের বিক্ষোভের হাত ধরে যে গণ-অসন্তোষ তৈরি হয়েছিল, তা-ই মূলত তার দলকে এই শক্ত অবস্থানে নিয়ে এসেছে।
সাবেক এই র্যাপার সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয়। ডিজিটাল প্রচারণা, সরকারবিরোধী বার্তা এবং ঐতিহ্যবাহী রাজনৈতিক অভিজাতদের কড়া সমালোচনার মাধ্যমে তরুণ ও শহুরে ভোটারদের মধ্যে তিনি তুমুল জনপ্রিয়তা অর্জন করেছেন। এছাড়া কাঠমান্ডু-১ আসন থেকে আরএসপি (RSP) প্রার্থী রঞ্জু নেউ পানে (দর্শনা) সংসদীয় আসনে জয়লাভ করেছেন।
গতকাল বৃহস্পতিবার নেপালের সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। ছয় মাস আগে তরুণদের নেতৃত্বে হওয়া বিক্ষোভে দমন-পীড়নের ফলে ৭৭ জন নিহত হওয়ার পর তৎকালীন প্রধানমন্ত্রীর পদত্যাগের প্রেক্ষাপটে এই নির্বাচন অনুষ্ঠিত হলো।
নেপালের নির্বাচন কমিশন জানিয়েছে, ভোট গণনার ২৪ ঘণ্টার মধ্যে ফলাফল ঘোষণা করার সব প্রস্তুতি নেওয়া হয়েছে। ‘নেপাল নিউজ’-এর একটি প্রতিবেদন অনুযায়ী, সরাসরি ভোট বা ফার্স্ট-পাস্ট-দ্য-পোস্ট (FPTP) পদ্ধতির ফলাফল ঘোষণার পর আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির গণনা শুরু হবে। সূত্র: হিন্দুস্তান টাইমস
মাহফুজ/